দেশীয় ছবিগুলো সিনেমা হলে দর্শকের যথাযথ চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে না। তাই দিন দিন দর্শক কমে যাচ্ছে। বাধ্য হয়ে দেশের সিনেমা হলগুলোকে বাঁচাতে বিদেশি তথা ভারতীয় ছবি আমদানি করতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা ভারতীয় চলচ্চিত্র আমদানির বিষয়ে নিজেদের এই অবস্থান জানান। এ সময় তাঁরা সম্প্রতি কেলোর কীর্তি সিনেমাটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় ‘অস্বাভাবিক সহযোগিতা’ করেছে বলে অভিযোগ করেন। তাঁদের মতে, ভারতীয় সিনেমা আমদানি-রপ্তানি ইস্যুতে তথ্য মন্ত্রণালয় ‘বিমাতাসুলভ’ আচরণ করছে।
সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বাংলাদেশি সিনেমার বিপরীতে সমসংখ্যক ভারতীয় সিনেমা আমদানি করলেও নানা জটিলতায় সেগুলো সেন্সর সনদপত্র পায় না। যখন এই সনদপত্র দেওয়া হয়, তখন সিনেমাগুলো নানা মাধ্যমে দর্শক দেখে ফেলে।’
ভারতীয় সিনেমা আমদানির বিপক্ষে এক বছর ধরে আন্দোলন করে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট বলছে, বাংলাদেশের কম বাজেটে নির্মিত পুরোনো সিনেমার বিপরীতে আমদানিকারকেরা বড় বাজেটের ভারতীয় সিনেমা আমদানি করছেন। এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিঞা আলাউদ্দিন বলেন, দেশীয় ছবিগুলো দর্শক চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে না। দেশের হলগুলো চালানোর মতো পর্যাপ্ত ছবি নেই। যেগুলো নির্মিত হয়, তার অধিকাংশই ‘নিম্নমানের’। এই পরিপ্রেক্ষিতে তাঁরা ‘বাধ্য’ হয়েই ভারতীয় ছবি আমদানি করছেন।