দেশের ১ নম্বর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ১ নম্বর গ্রাম হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া। এ গ্রামের ১ নম্বর সমস্যা এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে এখানকার প্রায় ২০০ শিশু শিক্ষা থেকে বঞ্চিত। পঞ্চম শ্রেণীর ছাত্র এ গ্রামের রাজীব বলে, ‘স্কুল দূরে তাই কোনোদিন যাই, কোনোদিন যাই না। স্কুল যেতে ভয়ও লাগে। স্কুল না গেলে বাড়ি কাজ করি, খেলায় বেড়াই।’ একই ধরনের কথা বলে মনোয়ারা, শাহিরুলসহ কয়েকটি শিশু। শাহিরুলের ভাই আমিনুর রহমান (২০) জানান, ইচ্ছা থাকলেও দূরত্বের কারণে তাঁর ভাই প্রতিদিন স্কুলে যেতে পারে না। সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত ঘেঁষা মহানন্দা নদীর পারে ঝাড়ুয়াপাড়া গ্রাম। গ্রামে যাওয়ার রাস্তাটি বাংলাবান্ধা স্থলবন্দরের মধ্য দিয়ে গেছে। এই রাস্তা এবড়োখেবড়ো ও খানাখন্দে ভরা। বিদ্যালয়ে যাওয়ার উপযোগী শিশুরা যথেচ্ছভাবে খেলাধুলা করছে। শিশুদের চেহারায় অপুষ্টির ছাপ।গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অবস্থানগত কারণে ঝাড়ুয়াপাড়া দেশের ১ নম্বর গ্রাম। এ গ্রামে প্রায় ২ হাজার লোকের বাস। গ্রামের প্রায় ২০০ শিশু বিদ্যালয়ের যাওয়ার উপযুক্ত। গ্রামে কোনো বিদ্যালয় নেই। ফলে এসব শিশু পড়াশোনা করে না। কেউ কেউ দূরের বিদ্যালয়ে ভর্তি হলেও নিয়মিত যেতে পারে না। গ্রামের আলম (২৫) জানান, এই গ্রামে বিদ্যালয় না থাকায় অনেক ছেলেমেয়ে লেখাপড়া না করে মা-বাবার সঙ্গে কাজ করে, আবার কেউ কেউ সারা দিন খেলাধুলা করে সময় কাটায়। এখান থেকে তিন কিলোমিটার দূরে বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয় কিলোমিটার দূরে সিপাইপাড়ায় হাইস্কুল ও বালিকা বিদ্যালয়। এ গ্রামে একজনও আইএ পাস ছেলেমেয়ে নেই। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন বলেন, স্থানীয় উদ্যোগ না হলে সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হলে গ্রামের লোককে জমি দান করতে হবে। এরপর সরকার ভবন নির্মাণ এবং শিক্ষক নিয়োগ দেবে।