মাদক চোরাচালান বন্ধে দেশের ১০টি সীমান্ত চৌকিতে (চেকপোস্ট) ডগ স্কোয়াড দেওয়া হচ্ছে। সিলেটের তামাবিল সীমান্ত থেকে আনুষ্ঠানিকভাবে এ স্কোয়াডের কার্যক্রম শুরু হবে। গতকাল বুধবার সিলেটে ৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে বক্তব্যে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধে কাজ করছে বিজিবি। এর অংশ হিসেবে ডগ স্কোয়াড দেওয়া হচ্ছে।মহাপরিচালকের দেওয়া এ তথ্যের পরিপ্রেক্ষিতে গতকাল তামাবিল সীমান্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ৫ বিজিবির একজন কর্মকর্তা জানান, তামাবিলে তিনটি ডগ ও ছয়জন প্রশিক্ষিত বিজিবির সদস্য দেওয়া হবে। একইভাবে দেশের আরও নয়টি সীমান্ত চৌকিতে ২৭টি ডগ ও ৫৪ জন বিজিবির সদস্যকে নিযুক্ত করা হবে। ৫ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল শফিউল আযমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, র্যাব-৯-এর অধিনায়ক সৈয়দ অনঘ, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম উপস্থিত ছিলেন।