দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে
দেশের ১২ শতাংশ মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ শনিবার সরকারি দলের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান।
এ বিষয়ে ২০০৩ সালের তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০০৩ সালে সারা দেশের ২৭১টি উপজেলার ৫০ লাখ নলকূপে আর্সেনিক পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১৪ লাখ ৫০ হাজার, অর্থাৎ ২৯ শতাংশ নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে।
সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ১৯৯৩ সালে প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলার চামা গ্রামের আলকাস আলীর নলকূপে সহনীয় মাত্রার চেয়ে বেশি আর্সেনিকের উপস্থিতি শনাক্ত করেন। ১৯৯৬ সালে এই তথ্য প্রকাশ করা হয়। এরপর বাংলাদেশের ৬১টি জেলায় আর্সেনিক-দূষণের কথা জানা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে ‘জনগোষ্ঠীতে ইতিহাসের সবচেয়ে বড় বিষক্রিয়া’র ঘটনা বলে বর্ণনা করে।
২০০৯ সালে ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সর্বশেষ জরিপ চালায়। ছয়টি বিভাগের ৫৫ জেলার ৩০১টি উপজেলার ৩ হাজার ১৩২টি ইউনিয়নের ৯ লাখ ৭২ হাজার ৮৬৫টি উৎসের (অগভীর নলকূপ, গভীর নলকূপ, পাতকুয়া, পুকুর, পনড-স্যান্ড ফিলটার ইত্যাদি) পানি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ২৮ দশমিক ৯ শতাংশ উৎসের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে।
সংসদে প্রশ্নোত্তরে স্থানীয় সরকারমন্ত্রী আর্সেনিক ঝুঁকি কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে জানান, আর্সেনিক ঝুঁকি কমাতে পল্লি এলাকায় প্রতি ৮৮ জনের জন্য একটি পানির উৎস নিশ্চিত করা হয়েছে। পানি সরবরাহের আওতাভুক্ত এলাকা ৮২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৮ শতাংশ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ২০০টির বেশি গ্রামকে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনা হয়েছে। গত ১৫ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তিন লাখ পানির উৎস তৈরি করেছে। এর মধ্যে ২ লাখ ১০ হাজার পানির উৎস আর্সেনিক সমস্যাসংকুল এলাকায় স্থাপন করা হয়েছে।
সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা ওয়াসা রাজধানী ঢাকাকে সুন্দর, আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে একটি মাস্টার প্ল্যান তৈরি করছে। এই মাস্টার প্ল্যানের কাজ ২০৪০ সালে শেষ হবে।
জাতীয় পরিচয়পত্র পেতে স্থানীয় পর্যায়ে আবেদন
সরকারি দলের সাংসদ ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত সেবা পেতে এখন আর ভোটারদের ঢাকায় আসতে হয় না। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন, সংশোধন বা অন্য যেকোনো ধরনের সেবা পেতে এখন স্থানীয় পর্যায়ে আবেদন করলেই চলবে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা পৌনে ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।