বাংলাদেশ সরকার ও জাতিসংঘের খাদ্য কর্মসূচির যৌথ গবেষণা
দেশের ৪ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি
বাংলাদেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ, অর্থাৎ প্রায় চার কোটি মানুষের খাদ্যনিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। তারা এখনো ক্ষুধার্ত থাকে। অপুষ্টির কারণে প্রতি তিনটি শিশুর একটির বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
বাংলাদেশ সরকার ও জাতিসংঘের খাদ্য কর্মসূচির এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি-বিষয়ক কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বেশির ভাগ মানুষ পর্যাপ্ত পুষ্টিকর ও বিভিন্ন ধরনের খাবার খায় না। প্রতি তিনটির মধ্যে একটি শিশুর সঠিক শারীরিক বিকাশ বা বৃদ্ধি হয় না এখানে। গত কয়েক বছরে তীব্র অপুষ্টির হার খুব উল্লেখযোগ্য কমেনি।
প্রতিবেদনের অন্যতম গবেষক উত্তর আয়ারল্যান্ডের আলস্টার ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট ইকোনমিকস বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী বলেন, অপুষ্টির কারণে প্রতিবছর বাংলাদেশের জনগণের উৎপাদনশীলতা কমছে, যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ১০০ কোটি ডলারের বেশি।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ও শিশু অপুষ্টি হ্রাসে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করা হলেও এই সাফল্যই যথেষ্ট নয় বলে সতর্ক করে দেওয়া হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা এবং পুষ্টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সঠিক পুষ্টির অভাবে স্থূলতা এবং শহুরে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যনিরাপত্তার অভাব লক্ষ করা যাচ্ছে। এ জন্য কৃষি খাতে আরও বৈচিত্র্য আনার পাশাপাশি সামাজিক নিরাপত্তাব্যবস্থাকে এমনভাবে জোরদার করতে হবে, যাতে একজনও এ থেকে বাদ না যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, টেকসই খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে নারীর ক্ষমতায়ন মূল চাবিকাঠি হতে পারে। প্রতিবেদনে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশসহ সমসাময়িক দেশের অপুষ্টি দূরীকরণ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে খাদ্যনিরাপত্তা অর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদনের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে বলেন, ‘যেসব বিষয় উঠে এসেছে, তা বাংলাদেশের এসডিজি-২ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ২০২৪ সাল নাগাদ পুরোপুরি ক্ষুধা নিবৃত্ত এবং ২০৩০ সাল নাগাদ পুষ্টি নিশ্চিত করতে চাই।’
গবেষণা দলের প্রধান ছিলেন সিদ্দিকুর রহমান ওসমানী। তাঁর নেতৃত্বে একটি দল ১০ মাস সময় ধরে গুণগত, পরিমাণগতসহ নানা পদ্ধতিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দারিদ্র্য, ক্ষুধা, অপুষ্টি, জলবায়ু পরিবর্তন, কৃষি, সামাজিক নিরাপত্তা প্রভৃতি ইস্যু নিয়ে গবেষণার পর এ প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদন তৈরিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ, দেশের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক ও নানা উন্নয়ন সংস্থার সহযোগিতা নেওয়া হয়।
গতকালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।