বাংলাদেশের ৬০ ভাগ মানুষ এখনো চিকিৎসাসেবা-বঞ্চিত। দরিদ্র মানুষের কাছে সহজলভ্য আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে না পারলে জনগণের স্বাস্থ্যনিরাপত্তা অনিশ্চিত থেকে যাবে। গতকাল সোমবার সিলেটের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ‘জনগণের স্বাস্থ্য নিরাপত্তা, ঔষধের মান নিয়ন্ত্রণ ও ব্যবহারে ঔষধ প্রশাসনের ভূমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ইকবাল হোসেন চৌধুরী। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এম জালাল উদ্দিন, সিলেটের ড্রাগ সুপার নাইম গুলদার, ব্লাস্টের কেন্দ্রীয় সহকারী পরিচালক ফরিদা ইয়াসমীন, সাংবাদিক আহমেদ নূর ও বিএম সিলেটের সভাপতি রোকনউদ্দিন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী মাহবুবা আক্তার। পরে ২০ জন আলোচক উন্মুক্ত আলোচনায় অংশ নেন।মূল প্রবন্ধে বলা হয়, দেশে হাসপাতাল কিংবা ওষুধের দোকানে ওষুধ-ব্যবস্থাপনার জন্য ওষুধ-বিশেষজ্ঞ বা ফার্মাসিস্ট নেই। ওষুধের ব্যবহারসংক্রান্ত সরকারের কোনো নীতি কিংবা আইন নেই। ফলে ইচ্ছেমতো চলছে ব্যবস্থাপত্র প্রদান ও ক্রয়বিক্রয়। তাই ওষুধ আইনকে আধুনিকায়ন করার পাশাপাশি মান নিয়ন্ত্রণের জন্য আরও টেস্টিং ল্যাব তৈরি করা প্রয়োজন।