দেশের ৮৪ ভাগ মানুষ আয়োডিনযুক্ত লবণ খাচ্ছে
দেশের ৮৪ শতাংশ মানুষ এখন আয়োডিনযুক্ত লবণ খাচ্ছে। দুই দশক আগে থেকে শুরু হওয়া এ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির কারণে জনসচেতনতা বেড়েছে। গতকাল রোববার রাজধানীর বিসিআইসির সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় আলোচকেরা এ মন্তব্য করেন। কর্মশালায় জানানো হয়, আয়োডিনের অভাবে মানবদেহে নানা সমস্যা দেখা দেয়, মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়। সে কারণে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) ১৯৮৯ সাল থেকে আয়োডিনের ঘাটতিজনিত সমস্যা দূর করার চেষ্টা চালিয়ে আসছে। ১৯৯৩ সালে বাংলাদেশের মানুষের মধ্যে আয়োডিনের ঘাটতির হার ছিল ৬৯ শতাংশ। এই হার বর্তমানে ৩৪ শতাংশে নেমে এসেছে।বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম সেবার মনোভাবে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লবণ মিল মালিকদের। তিনি দেশ ও জাতির স্বার্থে বিসিকের আয়োডিনযুক্ত লবণ প্রকল্পে জড়িত কর্মকর্তাদের আরও নিষ্ঠার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের পুষ্টি বিশেষজ্ঞ ইন্দ্রাণী চাকমা, বিসিকের প্রকল্প পরিচালক জিয়া-উন-নাহার বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।