দেশের ৯৬ শতাংশ মানুষ জন্মনিবন্ধনের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষ জন্মনিবন্ধনের আওতায় এসেছে। ইতিমধ্যে ৩৬টি জেলায় শতভাগ জন্মনিবন্ধন হয়েছে। নয়টি জেলায় শিগগিরই অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম শুরু হবে। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মনিবন্ধন দিবস ২০১০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে দেশের সব মানুষকে জন্মনিবন্ধনের আওতায় আনতে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বিনা মূল্যে শিশুদের জন্মনিবন্ধন করা যাবে বলে ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে কোনো সামাজিক কার্যক্রমে শতভাগ সাফল্য পাওয়া সম্ভব নয়। জন্মনিবন্ধন কার্যক্রমে সাফল্য পেতে প্রয়োজন সামাজিক সচেতনতা। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে এ কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে জাতীয় জাগরণ তৈরি হয়।অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কেন্দ্রীয় তথ্যকেন্দ্র গড়ে তুলতে হবে। এতে প্রয়োজনের সময় যেকোনো তথ্য পাওয়া যাবে। অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজনীয় সহযোগিতা তাঁর মন্ত্রণালয় থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। ইউনিসেফের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ উইলুমু উহা বলেন, শতভাগ জন্মনিবন্ধনের জন্য ইলেকট্রনিক জন্মনিবন্ধন পদ্ধতি চালু করতে হবে। এ জন্য ভোটার পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন প্রকল্পের তথ্যভান্ডারের মধ্যে সমন্বয় করা প্রয়োজন।জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, এ বছরের মার্চ মাস পর্যন্ত ১৩ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ২৭৭ জন জন্মনিবন্ধন করেছে। এটি দেশের মোট জনসংখ্যার ৯৫ দশমিক ৮০ শতাংশ। এর মধ্যে নয় কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ২২৩ জনকে জন্মনিবন্ধনের সনদ দেওয়া হয়েছে। দেশের ৩৬টি জেলায় শতভাগ, ১৬টি জেলায় ৯০ শতাংশ, সাতটি জেলায় ৮০ শতাংশ, পাঁচটি জেলায় ৮০ শতাংশ জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, যশোর সদর ও কক্সবাজারের উখিয়া উপজেলায় ইতিমধ্যে অনলাইনে জন্মনিবন্ধনের তথ্য পাওয়া যাচ্ছে। শিগগিরই নয়টি জেলায় অনলাইনে জন্মনিবন্ধনের কাজ শুরু হবে। এ জন্য সেসব এলাকায় ২৮০টি কম্পিউটার দেওয়া হবে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন। অনুষ্ঠানের আগে জন্মনিবন্ধন দিবস ২০১০ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।