দেহটি গাড়িতেই পড়ে রইল...
রিনির (১০) ঢাকা দেখার স্বপ্ন পূরণ হলো না। ট্রাকের ইস্পাত-শরীরে ঝুলে রইল তার ঢাকা যাওয়ার সাধ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় এই শিশু। রিনির বাড়ি জামালপুরের বকশিগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ গ্রামে। তার বাবা ছবদর হোসেন ঢাকায় রিকশা চালান। মা নাছিমা বেগম ঢাকাতেই একটি গার্মেন্টসে চাকরি করেন। তাঁদের তিন মেয়ের মধ্যে ছোট দুই মেয়েকে নিয়ে তাঁরা ঢাকা থাকেন। বড় মেয়ে রিনি বাড়িতেই চাচার সঙ্গে থাকে। কয়েক দিন আগে তাঁরা বাড়িতে এলে রিনি তাঁদের সঙ্গে ঢাকা যাওয়ার বায়না ধরে। গতকাল বৃহস্পতিবার সকালে রিনিসহ তিন মেয়েকে নিয়ে নাসিমা-ছবদর দম্পতি ঢাকাগামী বাসে ওঠেন। বাসটি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এলে রিনি বমি করার জন্য জানালা দিয়ে মাথা বের করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক রিনির মাথায় চাপ দেয়। এতে রিনির মাথাটি দেহ থেকে আলাদা হয়ে ট্রাকের গাঁয়ে লেপ্টে যায়। আর দেহটি পড়ে থাকে বাসের ভেতরে মা নাসিমার কোলে। মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন মা নাসিমা।