দোকান কর্মচারী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তাজউদ্দিন ওরফে বাবু নামের এক দোকান কর্মচারীকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁর নাম সৌমিত্র বড়ুয়া।
আজ বুধবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
ওই আদালতের সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ২৭ মার্চ নগরের রেয়াজউদ্দিন বাজারের একটি দোকানের কর্মচারী তাজউদ্দিনকে ভালো চাকরি দেওয়ার কথা বলে তাঁর পূর্বপরিচিত ব্যক্তিরা ডেকে নিয়ে যান। ওই দিনই তাঁকে ছুরিকাঘাতে হত্যার পর বস্তাবন্দী করে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে ফেলে দেওয়া হয়। রাতে তাজউদ্দিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই জাহাঙ্গীর উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।
সরকারি কৌঁসুলি আরও বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার আরেক আসামি পলাতক নাজিম উদ্দিনকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী ও নিহত ব্যক্তির বড় ভাই জাহাঙ্গীর উদ্দিন বলেন, ‘রায় বহাল রেখে দ্রুত আসামির ফাঁসি কার্যকর করা হোক।’