দোকান কর্মচারীকে গলা কেটে হত্যা, যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে জগন্নাথ শীল ওরফে জগদীশ নামে (৩৫) এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ বরিশাল নগরের কালীবাড়ি সড়কে উপপুলিশ কমিশনারের (উত্তর) ভাড়া করা কার্যালয়ের তৃতীয় তলা থেকে বাড়ির মালিক মো. জহিরুল হাসান ওরফে রূপুর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে৷
বাগেরহাট মডেল থানার পুলিশ ও পরিবারের লোকজন জানান, জগন্নাথ শীল শহরের একটি কাপড়ের দোকানে কাজ করেন৷ মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে দোকানে আসেন৷ দোকান থেকে রাতে বাড়ির উদ্দেশে রওনা দেন৷ কিন্তু অনেক রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন মুঠোফোনে ফোন করে সেটি বন্ধ পান৷ গতকাল দুপুরের দিকে প্রতিবেশী নাইম নামে এক যুবক বাড়ির পাশের বাগানে গলা কাটা অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পরিবারকে জানান৷ পরে পরিবারের লোকজন পুলিশে খবর দেন৷ এ সময় স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাইমকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বরিশাল নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আবু রায়হান মো. সালেহ জানান, সকালে অফিসে এসে গেট তালাবদ্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি৷ পরে পাশের ভবনের ছাদ থেকে জহিরুলকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়৷ পরে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন৷ ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না৷ পরিবারের অনুমতি নিয়ে লাশের ময়নাতদন্ত করা হবে৷