দোকান চাপা দিয়ে ট্রাক পড়ল পাহাড়ি খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে লামা-চকরিয়া সড়কে আজ বুধবার সন্ধ্যায় একটি পাথরবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকান চাপা দিয়ে পাহাড়ি খাদে পড়ে গেছে। এতে ওই দোকানের মালিকের শিশুসন্তানসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাঁদের চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লামা থেকে চকরিয়ার দিকে পাথরবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। মিরিঞ্জা পর্যটন এলাকায় পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকান চাপা দিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় দোকানের মালিক কামাল হোসেনের ছয় বছরের মেয়ে কাজলমণি ও ওই দোকানের ক্রেতা মুক্তার আহমদ (৬০) নিহত হন। ঘটনায় আরও তিনজন আহত হন। তাঁদের চকরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।
আজ রাত সাড়ে নয়টার দিকে লামা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ নুর সাংবাদিকদের বলেন, ট্রাকটি উদ্ধারের অভিযান চলছিল। কিন্তু চালকের ও তাঁর সহকারীর কোনো খোঁজ মেলেনি।