দোকান ফেলে রাজপথে জুয়েলারি ব্যবসায়ীরা
ট্রেড লাইসেন্স ফি ও মূল্য সংযোজন কর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দোকান বন্ধ করে কয়েক শ ব্যবসায়ী কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নতুন অর্থবছরে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ফি ১ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবার মূল্য সংযোজন কর ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে লাইসেন্স ফি ও বাড়তি মূসক প্রত্যাহার না হলে প্রতিকার চেয়ে তাঁরা আদালতে যাবেন।
বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা ও সদরের পাঁচ হাজার জুয়েলারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। করারোপের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
মানববন্ধনে বক্তব্য দেন জুয়েলার্স সমিতির সভাপতি মৃণাল কান্তি ধর, জ্যেষ্ঠ সহসভাপতি কামাল পাশা, সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরণ ধর প্রমুখ।