জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার বটতলার অন্তত ২২টি দোকান বন্ধ রেখেছেন দোকানদারেরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাঁরা।
গত শনিবার দুপুরে সিগারেট না পেয়ে নাহিদ নামের এক দোকানদারকে মারধর করেন আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান। প্রতিবাদে ও ছাত্রলীগের অন্যান্য নিপীড়নের বিচারের দাবিতে গতকাল বটতলার মওলানা ভাসানী হলের নিয়ন্ত্রণাধীন খাবার ও চা-সিগারেটের দোকান বন্ধ রাখেন দোকানদারেরা। একই সঙ্গে সম্মিলিতভাবে তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
গতকাল সকালে কয়েকজন দোকানদারের সঙ্গে কথা হলে তাঁরা আ ফ ম কামাল উদ্দিন, মওলানা ভাসানী ও শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, উপপাঠাগারবিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ শোয়েব, কামাল উদ্দিন হল শাখার সহসভাপতি ইউনুস খানের বিরুদ্ধে দোকানদারদের হুমকি দেওয়া, পাওনা টাকা না দেওয়া প্রভৃতি অভিযোগ তোলেন।
এ ছাড়া ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ পাওয়া যায়। তাঁরা বলেন, কয়েক দিন আগে বটতলার চা-সিগারেটের দোকানদার হাবিবকে মারধর করেন মহব্বত হোসেন। এ ছাড়া গত শনিবার রাত ১০টার দিকে খাবার দোকানের কর্মচারী মামুন ও সাত্তারকে মারধর করেন তিনি ও ছাত্রলীগকর্মী আশরাফুল।
এক দোকানদারের পাওনা টাকা দীর্ঘদিন পরিশোধ না করার অভিযোগ রয়েছে ছাত্রলীগকর্মী শামীম আহাম্মেদের বিরুদ্ধে। এদিকে সিগারেট না পাওয়ায় গত মাসে চা-সিগারেটের দোকানদার ইব্রাহীমকে মারধর করেন ছাত্রলীগকর্মী আল্লামা ইকবাল।
এ বিষয়ে জানতে মহব্বত হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। মিনহাজুল ও শোয়েব এসব ঘটনা অস্বীকার করেন। আর আশরাফুল বলেন, ‘আমি জড়িত না। মহব্বত ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল। তাই মামুনকে থাপড় দিয়েছি।’
এসব বিষয়ে প্রশাসনের উদাসীনতার অভিযোগ করে এক বৃদ্ধ দোকানদার জানান, বটতলার দোকানগুলো কোনো না কোনো হলের নিয়ন্ত্রণে। তাঁদের ভাড়া দিয়ে দোকান চালানো হয়। কিন্তু কোনো ছাত্রলীগ নেতা মারধর করলে বা পাওনা টাকা না দিলে সে বিষয়ে সংশ্লিষ্ট হল প্রশাসন কোনো দায়িত্ব নেয় না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘আমি দোকানদারদের সঙ্গে কথা বলেছি। যাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘এ অভিযোগগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেব।’