এনা প্রপার্টিজের অধীন রাজশাহী নগরে নির্মাণাধীন সিটি সেন্টার ভবনে দোকান বরাদ্দ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে তাঁদের কাছে দোকান হস্তান্তর করার কথা৷ কিন্তু তা না করে বকেয়া কিস্তি পরিশোধের জন্য চিঠি পাঠানো হয়েছে৷
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হয়। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এনা প্রপার্টিজের দরপত্র জমা পড়ে। ওই বছরের ১৪ অক্টোবর সম্পাদিত চুক্তি অনুযায়ী কার্যাদেশ পাওয়ার ৩৬ মাসের মধ্যে তাদের ১৬ তলা ভবনটির নির্মাণকাজ শেষ করার কথা। এরপর সে বছর থেকে ইতিমধ্যে তারা ১০০-এর বেশি দোকানঘর বুকিং নেয়। ব্যবসায়ীরাও লাখ লাখ টাকার কিস্তি পরিশোধ করেন। দোকানগুলো গত বছর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা। কিন্তু ২০১১ সাল থেকে প্রায় দেড় বছর নির্মাণকাজ বন্ধ থাকে। এ পর্যন্ত ভবনটির ছয়তলা পর্যন্ত উঠেছে৷ বর্তমানে সাততলার কাজ চলছে৷ সিটি করপোরেশনের পুরোনো ভবনের জায়গায় সিটি সেন্টার ভবনটি উঠছে৷
নগরের আরডিএ মার্কেটের এক ব্যবসায়ী ১৯ লাখ টাকায় ১২০ বগর্ফুটের একটি দোকানের বুকিং দেন। ইতিমধ্যে প্রায় আট লাখ টাকা কিস্তি দিয়েছেন তিনি৷ গত বছরের মার্চে দোকান হস্তান্তর করার কথা ছিল। কিন্তু এখনো কিছুই হয়নি। তঁাকে বকেয়া কিস্তি পরিশোধের জন্য চিঠি পাঠানো হয়েছে।
দোকানের ক্রেতারা বলছেন, গত ৬ এপ্রিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের চিঠি পাঠানো হয়। এতে ২৪ এপ্রিলের মধ্যে বকেয়া কিস্তির সঙ্গে বর্তমান কিস্তিও পরিশোধ করতে বলা হয়। তা ছাড়া চুক্তির শর্ত অনুযায়ী শতকরা ৪ ভাগ জরিমানাসহ কিস্তির টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় চুক্তি বাতিলের চিঠি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
আরডিএ মার্কেটের ওই ব্যবসায়ী বলেন, কিস্তি বন্ধ করে দেওয়ায় তাঁর ১২ লাখ টাকার বেশি বকেয়া পড়েছে। এখন দোকানের জন্য সব পুঁজি বিনিয়োগ করা তাঁর পক্ষে সম্ভব নয়। চুক্তি বাতিল করতে চাইলে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
এনা প্রপার্টিজের নির্বাহী পরিচালক মমিনুল ইসলাম বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে বেশ কিছু দোকান তাঁরা হস্তান্তর করতে পারবেন। তাঁরা যে পরিমাণ কিস্তি পেয়েছেন, তার চেয়ে অনেক বেশি বিনিয়োগ করেছেন। এখন ১০ জন ব্যবসায়ী তাঁদের বকেয়া পরিশোধ করলেই এক কোটি টাকা হয়ে যায়। কাজটাও দ্রুত শেষ করা যায়। এ জন্যই নোটিশ দেওয়া হয়েছে।