দোকান সরেনি, কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে নালা তৈরি করা হয়েছে। কিন্তু সড়কের সীমানার ভেতর থেকে দোকান উচ্ছেদ করা হয়নি। এতে পাহাড়তলী সড়কের সম্প্রসারণকাজ আটকে আছে l ছবি: প্রথম আলো
সড়কের উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে নালা তৈরি করা হয়েছে। কিন্তু সড়কের সীমানার ভেতর থেকে দোকান উচ্ছেদ করা হয়নি। এতে পাহাড়তলী সড়কের সম্প্রসারণকাজ আটকে আছে l ছবি: প্রথম আলো

দোকান সরিয়ে না নেওয়া ও কয়েকজন ব্যবসায়ীর বাধার কারণে চট্টগ্রাম নগরের পাহাড়তলী সড়কের সম্প্রসারণ ও উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার। হামলা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শ্রমিকের ওপর।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশন জমি অধিগ্রহণ করার পরও প্রায় ২০টি দোকান সড়কের সীমানার ভেতরে রয়ে গেছে। এসব দোকানের মালিক সড়ক সম্প্রসারণ কাজে বাধা দিচ্ছেন। গত ২৯ অক্টোবর রাস্তার কাজ চলার সময় ব্যবসায়ীদের ইন্ধনে কয়েকজন যুবক কাজ চলাকালীন অবস্থায় দুজন শ্রমিকের ওপর হামলা চালান। এ কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
নগরের জাকির হোসেন সড়কের ওয়্যারলেস মোড় থেকে আমবাগান এলাকার পুলিশ বিট পর্যন্ত পাহাড়তলী সড়কটির বর্তমান প্রশস্ততা কোথাও ১২ ফুট, কোথাও ১৪ ফুট। সম্প্রসারণ করে তা ৩০ ফুট চওড়া করা হবে। একই সঙ্গে ভাঙাচোরা এই সড়কের উন্নয়নকাজও চলবে।
কিন্তু ব্যবসায়ীদের বাধার কারণে কাজ শুরু হওয়ার এক মাসের মধ্যে আবারও তা বন্ধ হয়ে যাওয়ায় এই সড়কের উন্নয়নকাজ নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই সড়কের পাশেই রয়েছে রেলওয়ের আবাসিক কলোনি, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, পাহাড়তলী সড়কের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য গত বছরের ১০ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ এ কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ১০ জানুয়ারি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পরে দুই দফা সময় বাড়ানো হয়। কিন্তু করপোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাস্তা বুঝিয়ে দিতে দেরি হওয়ায় এত দিন কাজই শুরু করা যায়নি। গত অক্টোবর মাসে সড়কটির সম্প্রসারণকাজ শুরু করেন ঠিকাদার। একই সঙ্গে প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে ২০১৫ সালের মার্চ পর্যন্ত।
মোহাম্মদ রুবেল, সাফায়েত হোসেনসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই সড়কের বেহাল অবস্থা। বৃষ্টির সময় সড়কে পানি জমে থাকে। আর গরমের সময় ধুলাবালুর কারণে হাঁটা দায়। এখন আবার কাজ বন্ধ হয়ে গেছে।
ঠিকাদার বেলায়েত হোসেন বলেন, সড়কের উন্নয়নকাজ করতে গেলে গত ২৯ অক্টোবর বিকেলে একদল যুবক শ্রমিকদের ওপর হামলা করে। নিরাপত্তার কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে।
সড়ক সম্প্রসারণের কাজে কয়েকজন ব্যবসায়ীর বাধা দেওয়ার বিষয়ে পাহাড়তলী এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো. মাহফুজুল আলম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন ব্যবসায়ী এখনো দোকান সরিয়ে নেননি। তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে আবার সড়কের কাজ শুরু করা যাবে।’
এ বিষয়ে মোশাররফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, এখনো অনেকে দোকান সরাননি। অন্যরা দোকান সরালে তিনিও সড়কের জন্য জায়গা ছেড়ে দিতে রাজি আছেন বলে জানান।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়ক সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জায়গায় নালা নির্মাণ করা হয়েছে। তবে সড়কের প্রবেশমুখের (ওয়্যারলেস) ২০০ ফুট পর্যন্ত এলাকা থেকে দোকান উচ্ছেদ করা হয়নি।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ প্রথম আলোকে বলেন, ‘নির্বিঘ্নে রাস্তার কাজ সম্পন্ন করতে করপোরেশনের পক্ষ থেকে পাহাড়তলী এলাকার বর্তমান ও সাবেক কাউন্সিলর, স্থানীয় ব্যবসায়ী এবং ঠিকাদারকে নিয়ে বৈঠক করা হয়েছে। তখন সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শ্রমিকদের ওপর হামলার কারণে এখন কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। সবার সঙ্গে আবার আলোচনা করে দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে।