দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ২২টি কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে জেলা প্রশাসনের তদারকি দল অভিযান চালাচ্ছে। প্রথম দফার অভিযানে বাজারের বিক্রেতাদের পণ্যের মূল্য সহনীয় রাখার বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাইকারি দামের সঙ্গে খুচরা দামের পার্থক্য বোঝার জন্য বিক্রেতাদের ক্রয় রসিদ সংরক্ষণ ও প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে নগরের বিভিন্ন বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান ও শারমিন আখতারের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। সাব্বির রহমান খাতুনগঞ্জ, চাক্তাই, বকশির হাট, পাথরঘাটা ও ফিরিঙ্গিবাজার কাঁচাবাজারে অভিযান চালান। শারমিন আখতার অভিযান চালান পাহাড়তলী ও কর্নেলহাট কাঁচাবাজারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান ও শারমিন আখতার বলেন, প্রায় সব কাঁচাবাজারেই পাইকারি ও খুচরা দামের মধ্যে বড় পার্থক্য দেখা গেছে। অধিকাংশ দোকানির ধারণা মূল্যতালিকা টাঙানো বা রসিদ সংরক্ষণের বিষয়টি কেবল পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য। তাঁদের এ ধারণা ভুল। এ বিষয়ে তাঁদের সতর্ক করা হয়েছে। ক্রয় রসিদ সংরক্ষণ না করা হলে এবং মূল্য তালিকা না টাঙালে বিক্রেতাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।