দোকানের কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা বাজারে একটি আসবাবের দোকান থেকে পুলিশ গতকাল মঙ্গলবার পিন্টু শেখ (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের আসাদ শেখের ছেলে।
পিন্টুর চাচা সেলিম শেখ বলেন, যে দোকানে লাশ পাওয়া গেছে, ওই দোকানে আগে পিন্টু কর্মচারী ছিল। তবে পিন্টু কেন আত্মহত্যা করেছে, তা বোঝা যাচ্ছে না।
পুলিশ, স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, সপ্তাহ খানেক আগে পিন্টু কৈট্টা বাজারের জহরলাল সূত্রধরের দোকানে কর্মচারীর কাজ নেয়। গত সোমবার রাতে পাশের আরেকটি আসবাবের দোকানের কর্মচারী পান্তু ভূঁইয়ার (১৫) সঙ্গে পিন্টু ঘুমায়। গতকাল সকাল সাতটার দিকে পান্তু ঘুম থেকে উঠে দোকানের ভেতর আড়ার রশির সঙ্গে পিন্টুকে ঝুলতে দেখে স্থানীয় ব্যক্তিদের জানায়। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এটি আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।