দোকানের দখলে ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত দোকানের দখলে। আর পথচারীরা হাঁটেন সড়কে। রংপুর নগরের অধিকাংশ ফুটপাতের এ অবস্থা দাঁিড়য়েছে।
সরেজমিনে দেখা যায়, সিটি বাজারের সামনে সড়কের দুপাশের ফুটপাত পুরোপুরি দখল। সাবেক অরিয়েন্টাল সিনেমা হলের সামনের ফুটপাতে ঘড়ি, বেল্টসহ রকমারি পণ্যের পসরা বসিয়ে একাধিক দোকান বসানো হয়েছে। এখানকার ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘এভাবে দীর্ঘদিন থেকেই ব্যবসা করে আসছি। এতে কারও কোনো অসুবিধা হচ্ছে না। মানুষজন কম মূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারছেন। আর কেউ কোনো অভিযোগও করেনি।’
জররেজ মার্কেটের সামনে থেকে লক্ষ্মী সিনেমা হল পর্যন্ত সড়কে দক্ষিণ দিকের ফুটপাত দিয়ে মানুষজন চলাচল করতে পারে না। সিটি বাজারের সামনের সড়কের উত্তর দিকের ফুটপাতের সামনে নানা ধরনের ফলের দোকান হওয়ায় ফুটপাত দেখা যায় না।
রাজা রামমোহন মার্কেটের সামনে থেকে শহরের পায়রা চত্বর পর্যন্ত আধা কিলোমিটার সড়কের দুই পাশের ফুটপাত এখন দোকানদারদের নিয়ন্ত্রণে। এসব দোকান থেকে কিছু একটা কিনতে গেলে ফুটপাতেই দাঁড়িয়ে কিনতে হবে। কেননা, দোকানের সামনে ফুটপাত ছাড়া অতিরিক্ত কোনো জায়গা নেই। এমনই চিত্র দেখা গেছে ধাপ এলাকার ওষুধের দোকানগুলোয়। এ এলাকার একজন ব্যবসায়ী কালাম মিয়া বলেন, সড়ক প্রশস্তকরণের ফলে দোকানের জায়গা একদম কমে গেছে। তাই দোকানের সামনেই লাগোয়া হয়েছে ফুটপাত।
শহরের বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে ধাপ এলাকার মেডিকেল মোড় পর্যন্ত সড়কের দুপাশের ফুটপাতও অধিকাংশ দোকানদারেরা ব্যবহার করছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের পাশে ওষুধের দোকানগুলো এসব ফুটপাত ব্যবহার করছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। লোকজন রাস্তা দিয়ে না হেঁটে যেন ফুটপাত ব্যবহার করতে পারে, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম কবির কাজল বলেন, ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন করে তাঁদের উচ্ছেদ করতে হবে। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। আর বিভিন্ন দোকানের সামনে লাগোয়া ফুটপাত হওয়ায় পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করে না।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, ফুটপাত মুক্ত করতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় চলে যায়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।