দোকানের দখলে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের লক্ষ্মীপুর মোড়ে সড়কের অনেকটাই দখল করে গড়ে উঠেছে এমন অর্ধশতাধিক দোকান l ছবি: প্রথম আলো
রাজশাহী নগরের লক্ষ্মীপুর মোড়ে সড়কের অনেকটাই দখল করে গড়ে উঠেছে এমন অর্ধশতাধিক দোকান l ছবি: প্রথম আলো

রাজশাহী নগরের লক্ষ্মীপুর মোড়ে রাস্তার ওপর অর্ধশত দোকান বসছে প্রতিদিন। এগুলো সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ তো নেই-ই, উপরন্তু স্থানীয় বাজার কমিটি এসব দোকান থেকে নিয়মিত খাজনা আদায় করে। সরু রাস্তায় চলতে গিয়ে সীমাহীন যানজটে ভুগছে নগরবাসী।
সাহেব বাজারের পর রাজশাহী নগরে দ্বিতীয় ব্যস্ততম এলাকা হচ্ছে লক্ষ্মীপুর। এখানে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই হাসপাতাল ঘিরে লক্ষ্মীপুর মোড়ে গড়ে উঠেছে বেশ কিছু ক্লিনিক। তাই এই এলাকায় চিকিৎসা নিতে আসা মানুষের ভিড় লেগেই থাকে।
লক্ষ্মীপুর মোড়েই অবস্থিত লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের গেটের সামনে থেকে শুরু হয় রাস্তার ওপর দোকান বসানো। তখন মোড়ের ওপর জট বেঁধে যায় মানুষের। শুধু দোকান আর মানুষই নয়, রাস্তার ওপর পাল্লা দিয়ে রাখা হয় মোটরসাইকেল। এগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের। সব মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা লেগে থাকে এই মোড়ে।
ফুটপাতেরও করুণ দশা। ফুটপাতের পাশ দিয়ে চলে গেছে ওষুধের দোকান আর খাবার হোটেলের সারি। হাসপাতালের সামনের ফুটপাত দখল করে এসব দোকান বসিয়েছেন একশ্রেণির ব্যবসায়ী।
লক্ষ্মীপুর মোড়ে রাস্তার ওপরই বসেছে রয়্যাল মিনি চায়নিজ নামের একটি দোকান। ওই দোকানে ফুচকা, ডালপুরিসহ নানা ভাজাপোড়া খাবার পাওয়া যায়। সে জন্য দোকানটি ঘিরে সব সময়ই মানুষের ভিড় লেগে থাকে। এটির মালিক এমরান আলী। কয়েকজন কর্মচারীর সাহায্যে ব্যবসা চালাচ্ছেন তিনি। রাস্তার ওপর এভাবে ব্যবসা করায় কেউ বাধা দেয় কি না—প্রশ্নে এমরানসহ কর্মচারীরা বলেন, কেউ বাধা দেয় না। কারণ, স্থানীয় বাজার কমিটিকে তাঁরা নিয়মিত খাজনা দেন।
মিনি চায়নিজ দোকানটির পাশেই জহুরুল ইসলামের চায়ের দোকান। তিনিও বললেন, বাজার কমিটিকে নিয়মিত খাজনা দিয়ে এখানে দোকান চালান তাঁরা।
খাজনা কে আদায় করেন, জানতে চাইলে কোনো দোকানি অবশ্য আদায়কারীর নাম বলতে পারেননি। জহুরুল ইসলাম বলেন, ‘এত পরিচিত মানুষ। নামই জিজ্ঞেস করা হয় না।’
মোড়ের একটি ক্লিনিকে ১৫ দিন ধরে রোগী নিয়ে ছিলেন রোজিনা ফারুক। তিনি বলেন, তাঁকে দুই বেলা ক্লিনিকে খাবার নিয়ে আসতে হয়। এই মোড়ে এসে এমন জটের মধ্যে পড়েন, সহজে বের হতে পারেন না। তিনি বলেন, যে জায়গায় দোকানপাট রয়েছে, সেই জায়গা যানবাহন চলাচলের জন্য ছেড়ে দিলে এখানে কোনো যানজট থাকবে না।
লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, আস্তে আস্তে দোকানপাট তাদের বিদ্যালয়ের গেটের সামনে চলে আসছে। সকালে ভিড় কম থাকলেও বিকেলে ছুটির পর বের হতে বিপদে পড়তে হয়।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। এ জন্য তাঁরা চাইলেও ওই চত্বরে নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন বলেন, রাস্তাটির রক্ষণাবেক্ষণ করে সিটি করপোরেশন। তাই তারা সেখানে জনস্বার্থে কোনো উদ্যোগ নিলে সওজ তাতে আপত্তি করবে না।