দোলাপাড়া গ্রামের ঘরে ঘরে শৌচাগার, কমেছে ডায়রিয়া
নাম সুলতানা খাতুন (৪৮)। স্বামী নয় বছর আগে মারা গেছেন। ভিক্ষা করে দুই মেয়েকে লালন-পালন করছেন। ঠিকমতো দুই বেলা খাবার না জুটলেও তাঁর বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার আছে।
সুলতানা খাতুনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) দোলাপাড়া গ্রামে। এখানে তাঁর মতো তিন শতাধিক পরিবারের সদস্য এখন স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করে। ফলে গ্রামটিতে ডায়রিয়ার প্রকোপ কমেছে।
উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে দোলাপাড়া গ্রামটির অবস্থান। লোকসংখ্যা হাজার খানেক। নয় বছর আগেও গ্রামটির কোনো পরিবারই স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করত না। তখন গ্রামটির মানুষের ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন ধরনের পেটের পীড়া লেগেই থাকত।
ওই গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য পারুল বেগম বলেন, এলাকার মানুষের মধ্যে সচেতনতা দেখা দিয়েছে। তারা সবাই এখন স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে।
ওই গ্রামের বাতেনুর রহমান (৩৭) বলেন, ২০০৭ সালে গ্রামে একবার ডায়রিয়া দেখা দেয়। তিনি ১১ জন নারী, পুরুষ ও শিশুকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকেরা বলেন, স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকায় গ্রামে এ রোগ দেখা দিয়েছে। তখন তিনি গ্রামের পরিবেশ বদলানোর কথা ভাবেন। ওই বছরের সেপ্টেম্বরে তিনি গ্রামের লোকদের নিয়ে বৈঠক করেন। গ্রামটিকে শতভাগ স্বাস্থ্যব্যবস্থার আওতায় আনার জন্য জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২৫ সদস্যের কমিটি করেন। কমিটির সদস্যরা লোকজনের কাছে স্বাস্থ্যব্যবস্থার সুফল ও কুফলের চিত্র তুলে ধরেন। যাদের শৌচাগার তৈরির অর্থ নেই, ইউপির সহযোগিতায় কমিটির সদস্যরা তাদের বিনা মূল্যে শৌচাগার তৈরি করে দেন। স্বাস্থ্যসম্মত শৌচাগারের উপকারিতা নিয়ে স্লোগান দিয়ে মিছিল করেন। মসজিদেও স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির কথা বলা হয়। ফলে গ্রামের লোকজন নিজেরাই শৌচাগার তৈরি করে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গ্রামটির প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার। শৌচাগার ব্যবহারের পর লোকজন সাবান বা ছাই দিয়ে হাত পরিষ্কার করে।
গৃহবধূ সুরভি খাতুন বলেন, ‘এলা হামরা খোলা জায়গাত যাই না। পায়খানা থাকি আসি ছাই দিয়া হাত ধুই।’
জাহানারা বেগম নামের আরেক গৃহবধূ বলেন, ‘হামরা সবায় স্যান্ডেল পাওত দিয়া পায়খানা যাই।’
সয়ার ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা জাহিদুল রহমান বলেন, মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করায় গ্রামটিতে এখন ডায়রিয়া দেখা যায় না, পেটের পীড়ায়ও তেমন কেউ আক্রান্ত হয় না।