দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এক দিনের আলটিমেটাম দিয়েছেন ইউনিয়নবাসী। গতকাল মঙ্গলবার এক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়নের সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন, সনমান্দি ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, ইউপি সদস্য মোমেন সরকার, শাহিনুর আক্তার, লুৎফা বেগম, ফিরোজ আহম্মেদ, হারুন অর রশিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী,
সাধারণ সম্পাদক সুলায়মান সুজন প্রমুখ।
সভায় জাহাঙ্গীর হোসেন বলেন, সনমান্দি ইউপির চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ গত সোমবার উপজেলা পরিষদের মাসিক সভায় যোগ দেন। সভা শেষে ইউএনওর কক্ষ থেকে তিনি বের হন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক তাঁর পথরোধ করেন। এরপর তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেন তাঁরা। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেননি। এ কারণে সনমান্দি ইউনিয়নের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও বারদি ইউপির চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনবেন। তবে এ বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে উপজেলার সব জনপ্রতিনিধি একত্র হয়ে মানববন্ধনসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।’
ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষরা সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছনা ও তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।