বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার, দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিচার ও প্রক্টরের অপসারণসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লাগাতার কর্মসূচি চলছে। গতকাল শনিবার যৌন হয়রানি প্রতিরোধ পর্ব পালন করে সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের নেতারা জানান, সারা দেশে তাঁরা একসঙ্গে এ কর্মসূচি পালন করেছেন। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিরোধ পর্ব শুরু হয়। ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা ৩১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে সেখানে রাখা লম্বা একটি কাগজে হাতের ছাপ নেওয়া শুরু হয়। সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সেখানে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষও এই কর্মসূচিতে অংশ নেয়। মাঝে মাঝে গান হয়, রাস্তাজুড়ে হয় চিত্রাঙ্কন।
প্রতীকী এই প্রতিরোধ পর্ব চলার মাঝামাঝি সময়ে সেখানে নিপীড়কদের কুশপুত্তলিকা তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে কুশপুত্তলিকায় জুতাপেটা ও থুতু নিক্ষেপ করা হয়। সন্ধ্যা সাতটা এক মিনিটে নিপীড়নবিরোধী আলোক প্রজ্বালন করা হয়।