দোষীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ধর্ষণের শিকার হয়ে শারমিন আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার তাফালবাড়িয়া গ্রামের ফরাজীর হাটে এ সমাবেশ হয়।
সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাপলেজা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, শাহাদাৎ হোসেন কলেজের সহকারী অধ্যাপক হেমায়েত উদ্দিন, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি মো. মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত বুধবার রাতে শারমিন বাড়ির উঠানে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিল। এ সময় উপজেলার তাফালবাড়িয়া গ্রামের আল আমিন (২২), নাসির উদ্দিন (৩০), রাসেল হাওলাদার (২০) ও নলী গ্রামের মো. মুক্তি (২২) মেয়েটিকে তুলে নিয়ে বাড়ির সামনের মাঠে ধর্ষণ করেন। লজ্জায় পরদিন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মেয়েটি। গত শনিবার বিকেলে মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, এ ঘটনায় পুলিশ নাসিরের ভাই বাবুল হাওলাদার, বোন বকুল বেগম ও রাসেলের মা পারভীন বেগমকে গ্রেপ্তার করেছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।