দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংস্কৃতিকর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে হামলা এবং কুড়িগ্রামের নাট্যব্যক্তিত্ব শ্যামল ভৌমিকের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বরিশাল ও রংপুরে পৃথক কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। সংস্কৃতিকর্মীরা বলেছেন, এসব হামলার ঘটনায় উগ্র মৌলবাদী গোষ্ঠী যুক্ত। এই গোষ্ঠীকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।
বরিশালে অশ্বিনীকুমার হল চত্বরে বিকেলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বরিশাল বিভাগ। সেখানে উদীচী বরিশালের সভাপতি বিশ্বনাথ দাস মুনশী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শান্তি দাস প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজল ঘোষের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ কে আজাদ, খেয়ালি গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাসউদ প্রমুখ।
রংপুরে সংস্কৃতিকর্মীরা মানববন্ধন করেছেন। ফেডারেশনের সদস্য ও রংপুর নাট্যচক্রের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মুরাদ প্রমুখ।