দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা যদি না থাকে তবে লেখাপড়া করে কী লাভ!
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনের সড়কে বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের এক শিক্ষার্থী আলী আহম্মেদ আলিফ। এ ঘটনার প্রতিবাদ ও পদচারী-সেতু ও যাত্রী ছাউনি স্থাপনসহ বিভিন্ন দাবিতে ওই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
গতকাল বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত এক সমাবেশে শিক্ষামন্ত্রী বলেন, আলী আহম্মেদের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো এসেছে তা কার্যকর করতে হবে। বারবার এমন ঘটনা আমরা সহ্য করতে পারি না।
আগেও দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি—এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এ দাবিগুলোর সঙ্গে একমত, এগুলো পূরণের চেষ্টা আমরা করব।’
সমাবেশ শেষে সাধারণ শিক্ষার্থীরা আলী আহম্মেদের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন। এর আগে দাবি আদায়ের লক্ষ্যে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় আলী আহম্মেদের স্মরণে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মোমবাতি প্রজ্বালন করেন।