ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের সভা চলাকালে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, সায়াদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম গঠিত তদন্ত কমিটি ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে দোষী সাব্যস্ত করে শাস্তির সুপারিশ করে। প্রতিবেদন জমা দেওয়ার পরদিন ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আবাসন বোর্ডের সুপারিশে জরুরি সিন্ডিকেট সভা ডেকে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এতে সব খুনিকে শাস্তির আওতায় আনা হয়নি বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন৷ ১৫ এপ্রিল প্রশাসন আবার সম্পূরক তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি ১৮ মে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয়৷ এরপর গতকাল প্রথম সিন্ডিকেট সভা হয়৷ কিন্তু ওই সভায় তদন্ত প্রতিবেদনের বিষয়ে কোনো আলোচনা হয়নি৷ ফলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন৷
এ ব্যাপারে উপাচার্য মোহাম্মদ রফিকুল হক বলেন, ‘কাউকে শাস্তি দিতে হলে অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’
সায়াদ হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা এক মাস বন্ধ ছিল। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় না আনায় আন্দোলনকারীদের দাবির মুখে এ পর্যন্ত স্নাতক পর্যায়ের সব পরীক্ষা স্থগিত রয়েছে।