
বাংলা নববর্ষ উদ্যাপনের সময় ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় যৌন হয়রানির ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিনে ঘটনার প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ করেছেন।
‘বিচার হবে না?’—এমন প্রশ্ন রেখে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে গতকাল সকালে শোভাযাত্রা বের হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গতকাল বেলা একটার দিকে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শুরু হয়। পরে একটি মৌন মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে মুক্তমঞ্চে এক সমাবেশে বক্তব্য দেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের অধ্যাপক আখতারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি কবির হোসেন প্রমুখ।