দোষীদের শাস্তির দাবিতে সিপিবি-বাসদের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চাষাঢ়া বেইলি টাওয়ারে কিশোরী গৃহকর্মী রাজিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিবির জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী এবং বাসদের জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
গৃহকর্মী রাজিয়ার (১৪) মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, চাষাঢ়া বেইলি টাওয়ারের পঞ্চম তলার যে ফ্ল্যাটে ঘটনাটি ঘটে, সেখানে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান নিট কনসার্নের মালিক শিল্পপতি জয়নাল আবেদীন মোল্লার মা আয়েশা বেগম ও তাঁর ছোট ভাই মনির হোসেন মোল্লা থাকেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন হওয়া দরকার।
বিবৃতিতে আরও বলা হয়, নিট কনসার্নের মালিকের ছোট ভাই মনির হোসেন একজন সন্ত্রাসী। লক্ষ্মীনারায়ণ কটন মিলের আন্দোলনরত শেয়ারহোল্ডারদের ওপর নানা সময় তিনি সশস্ত্র হামলা চালিয়েছেন। এ ছাড়া লক্ষ্মীনারায়ণ কটন মিলের ভেতর তাঁর নির্যাতন কেন্দ্র ও একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখে তদন্তকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগোতে হবে। যাতে প্রভাবশালী মহলের চাপে প্রকৃত ঘটনা আড়াল হয়ে না যায়।
গত মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী উল্লেখ করেছেন, রাজিয়ার লাশ ওই ফ্ল্যাটের একটি কক্ষের বিছানায় চাদরে ঢাকা অবস্থায় পাওয়া গেছে। পরনে ছিল সালোয়ার কামিজ, তার মুখে রক্তযুক্ত লালা ছিল।
এ ঘটনায় কিশোরীর দাদি পরিচয়ে হাসিনা বেগম (৭০) নামের এক নারী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে সদর মডেল থানায় অপমৃত্যুর মামলা করেন। মামলায় কিশোরী রাজিয়ার বাবা হযরত আলী, বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুন্সীবাজার গ্রামে উল্লেখ করা হয়।
এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গ থেকে এনে রাজিয়ার লাশ নগরীর পাঠানটুলি কবরস্থানে দাফন করা হয়।
ফ্ল্যাটের মালিক মনির হোসেন মোল্লার খোঁজে দুই দিন গেলে নিরাপত্তারক্ষীরা জানান, তিনি বিদেশে আছেন। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
এদিকে হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মদ খান বলেন, তাঁর জানামতে হালুয়াঘাট উপজেলায় মুন্সীবাজার নামে কোনো গ্রাম বা এলাকা নেই।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন বলেন, গৃহকর্মীর লাশ যেখানেই দাফন করা হোক না কেন, ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়া গেলে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।