দোহা বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বৃহত্তর স্বার্থে দোহা বৈঠকের সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লি­উটিও) প্রতি যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। ডব্লি­উটিওর মহাপরিচালক রবার্টো আজেভেদো গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের৷
প্রধানমন্ত্রী বলেন, ‘দোহা বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করার এটাই সঠিক সময় এবং বাংলাদেশ এ ব্যাপারে সর্বাত্মক সমর্থন দেবে।’ তিনি বলেন, দোহা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানি বহুলাংশে বৃদ্ধি পাবে৷ এতে মূলত ওই সব দেশের গ্রামের মানুষই উপকৃত হবে। তিনি বলেন, ‘এ কারণে আমরা দোহা বৈঠকের সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন চাই।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, দোহা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উন্নত দেশগুলোর বাজারে স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের পথ সুগম হবে।
ডব্লি­উটিওর মহাপরিচালক বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুপ্রেরণা। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে আপনার জোরালো নেতৃত্ব ও বলিষ্ঠ অবস্থান রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোর অধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
আজেভেদো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনীতিতে অনেক অগ্রগতি করেছে। উন্নতির এ ধারা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে।