দোহার ও চরভদ্রাসনের মানুষ পানিবন্দী
পদ্মার পানি বেড়ে ঢাকার দোহার ও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে পানিবন্দী মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
এলাকার লোকজন জানান, চার দিন ধরে পদ্মার পানি বেড়েই চলেছে। এতে করে দোহার ও চরভদ্রাসনের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, দোহারের নারিশা জোয়ার, চর বিলাসপুর, কৃষ্ণদেবপুর, কুতুবপুর, কুলছুরি, দেবীনগর, বায়রাচর, চর মাহমুদপুর, চর নারায়ণপুর, হোসেনপুর, সুখদেবপুর, চর কুসুমহাটির কিছু অংশ প্লাবিত হয়েছে।
এ ছাড়া চরভদ্রাসনের চরঝাউকান্দির চর নাসিরপুর, চৌধুরীডাঙ্গী, সাহের মেল্লার ডাঙ্গী, চোকদার ডাঙ্গী, চর কল্যাণপুর, চর গোপালপুর, রেজী চোকদার ডাঙ্গী, শহর মোল্লার ডাঙ্গী এবং চৌধুরী ডাঙ্গী নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। পানিবন্দী পরিবারের সদস্যরা ঘরের ভেতর মাচার ওপর বসবাস করছেন। খড়ের গাদা ও কচুরিপানার ঢিবি বানিয়ে তাতে গবাদিপশু রাখা হয়েছে। নলকূপগুলো তলিয়ে যাওয়ায় এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
চর ঝাউকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা বলেন, তাঁর ইউনিয়নের প্রায় ৭৫ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। দুর্গত ব্যক্তিদের সহযোগিতা চেয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।
দোহার ইউএনও নুরুল করিম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি শুনেছি। দুর্গত এলাকার ইউপি চেয়ারম্যানদের খোঁজ রাখতে বলা হয়েছে।’