দোহার পৌরসভার মূল সড়কে যত দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন সংস্কার না করায় ঢাকার দোহার পৌরসভার মূল সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ ছবি​টি গত মঙ্গলবার পৌরসভার লটাখোলার করম আলীর মোড় থেকে তোলা l প্রথম আলো
দীর্ঘদিন সংস্কার না করায় ঢাকার দোহার পৌরসভার মূল সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷ ছবি​টি গত মঙ্গলবার পৌরসভার লটাখোলার করম আলীর মোড় থেকে তোলা l প্রথম আলো

ঢাকার দোহার পৌরসভার মূল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না৷ এতে দুর্ভোগের শিকার হচ্ছে পৌরবাসীসহ জয়পাড়া হাট-বাজারে আসা সাধারণ মানুষ৷
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার লটাখোলার করম আলীর মোড় থেকে জয়পাড়া বাজার সেতু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে৷
এলাকাবাসীর অভিযোগ, দোহার উপজেলার ব্যস্ততম এ সড়কটির বেহাল অবস্থা যেন প্রশাসন ও জনপ্রতিনিধি কারোরই নজরে আসছে না। দোহারের সবচেয়ে বড় ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র জয়পাড়া হাট-বাজার। প্রতিদিনের বাজার ছাড়াও বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, শ্রীনগর, মানিকগঞ্জের হরিরামপুর ও ফরিদপুরের চরভদ্রাসন থেকে হাজার হাজার মানুষ এ হাটে আসে। তবে এ সড়কে যাতায়াত করে তাঁরা দুর্ভোগে পড়েন৷
স্থানীয় গতি পরিবহনের চালক আবদুল আউয়াল জানান, এ রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়৷ ঝাঁকির কারণে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন৷
জয়পাড়া বাজারের ব্যবসায়ী আবুল কালাম বলেন, জয়পাড়া হাটে যাওয়ার একমাত্র রাস্তাটির এ দশা মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে৷ লটাখোলা বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, আশপাশে কয়েকটি উপজেলার ব্যবসায়ীদের বাণিজ্যের কেন্দ্র জয়পাড়া বাজার৷ এখানে আসতে সাধারণ মানুষকে যে ভোগান্তি পোহাতে হয়, সেটা খুবই অমানবিক। মনে হয়, দেশে কোনো সরকার নেই৷
জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়ক উন্নয়নে বরাদ্দ করা অর্থের বেশির ভাগই লুটপাট হয়ে যায়৷ তাই কাজ করার অল্প দিনের মধ্যেই সড়কে খানাখন্দ ও বড় গর্তের সৃষ্টি হয়৷
দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আট কোটি টাকার বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠানো হয়েছে৷ বরাদ্দ পাস হলে জুলাই-আগস্টে দরপত্র আহ্বান করা হবে৷