দোহারে কথিত পীরের আস্তানা সিলগালা
ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামে অভিযান চালিয়ে কথিত এক পীরের আস্তানা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে কথিত পীর ও তাঁর অনুসারীরা আগেই পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল-আমীনের নেতৃত্বে কথিত পীর মতিউর রহমানের আস্তানায় অভিযান চালানো হয়। লটাখোলা গ্রামের ওই আস্তানায় কয়েকটি আধা পাকা ঘর রয়েছে। এর মধ্যে একটিতে তিনি কাদরিয়া পাক দরবার (ধ্যান মঞ্জিল) প্রতিষ্ঠা করেন। পুলিশ সেটি ভেঙে দিয়েছে। বাড়ির ফটক সিলগালা করে পুলিশ। তবে এর আগেই গোপনে তথ্য পেয়ে মতিউর ও তাঁর অনুসারীরা পালিয়ে যান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিউর রহমান প্রায় এক যুগ আগে উপজেলার লটাখোলা প্রধান সড়কের পাশে ওই আস্তানা গড়ে তোলেন। কাদরিয়া পাক দরবার (ধ্যান মঞ্জিল) নামের এই আস্তানায় দিনে দিনে ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। নিজেকে পীর দাবির আড়ালে সেখানে তিনি বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন। নবাবগঞ্জের গালিমপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া বলেন, ২০০৪ সালে প্রতারণার অভিযোগে মতিউরকে গালিমপুরের আস্তানা থেকে আটক করে পুলিশ। এরপর তিনি সেখান থেকে দোহারের লটাখোলা গ্রামে আস্তানা গাড়েন।