দোহারে বিএনপির ইফতার মাহফিলে দুপক্ষের ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে গতকাল শনিবার দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের ১৫ মিনিট আগে ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদা তাঁর ৫০ জন কর্মী নিয়ে মঞ্চে উঠতে যান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সাহাবউদ্দিন আহম্মদের সমর্থক জিকু মেম্বার তাঁদের বাধা দেন। জিকুকে মঞ্চ থেকে টেনে নিচে ফেলে দেন কামরুলের সমর্থকেরা। এতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক মঞ্চে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাহাবউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, এত বড় আয়োজনে এক-আধটু সমস্যা তো হতেই পারে।
তবে কামরুল হুদা বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি ঠিক হয়ে যাবে।