দোহারে ভাঙছেই পদ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের মুখে ভবনের দরজা–জানালা খুলে নিয়ে গেছেন মালিক। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারসংলগ্ন এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ভাঙনের মুখে ভবনের দরজা–জানালা খুলে নিয়ে গেছেন মালিক। ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারসংলগ্ন এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

স্ত্রী ও দুই ছেলে নিয়ে সুখেই ছিলেন রহমান খাঁ। ঢাকার দোহার উপজেলায় তাঁর ছিল বাড়ি ও দেড় বিঘা জমি। কিন্তু পদ্মা নদী গ্রাস করেছে তাঁর ভিটেমাটি। এখন তিনি নিঃস্ব। তাঁর মতো দশা তাজুল ইসলামের। ১০ বছর সিঙ্গাপুরে ছিলেন তিনি। দেশে ফিরে সাত শতাংশ জায়গাসহ একটি বাড়ি কিনেছিলেন। সব গেছে পদ্মার পেটে।
উপজেলার নারিশা, সুতারপাড়া, বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদ্মার তীব্র ভাঙন চলছে। প্রায় চার মাসের ভাঙনে নারিশা ইউনিয়নের রানিপুর গ্রাম চলে গেছে পদ্মার পেটে। একই ইউনিয়নের মেঘুলা বাজারের খুব কাছাকাছি চলে এসেছে পদ্মা। এই অংশে প্রায় দেড় কিলোমিটার ভেঙেছে। এ ছাড়া সুতারপাড়া ইউনিয়নের মধুরচরের একটি গ্রামও এখন ভাঙনের শিকার। ধোয়াইর পানকুণ্ডু, অরঙ্গবাদ ও পশ্চিম নারিশায়ও ভাঙছে পদ্মা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মেঘুলা বাজার-সংলগ্ন একটি পাকা বাড়ির অর্ধেক অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। বাড়ির মালিক দরজা-জানালা খুলে নিয়ে গেছেন। যেকোনো সময় বাড়িটি নিশ্চিহ্ন হয়ে যাবে। স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, এই অংশে আরও প্রায় ৫০-৬০টি বাড়ি ছিল। তাঁর নিজের বাড়ি ও ২০ শতক জায়গা নদীতে চলে গেছে।
ভাঙনের শিকার তাজুল ইসলাম বলেন, ‘সিঙ্গাপুরে কত পরিশ্রম করে টাকা জমিয়েছিলাম। পরে ওই টাকায় জায়গা ও বাড়িটা কিনি। বাড়িটা ভাড়া দিছিলাম। ভাড়ার টাকায় আমার সংসার চলত। এখন অবলম্বন বলতে আর কিছু নেই।’
মধুরচর গ্রামের তৈয়ব খাঁর মোট জমি ছিল ২২ শতক। এবারের ভাঙনে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বর্তমানে দক্ষিণ শিমুলিয়ায় একটি ঘর ভাড়া করে থাকেন। তিনি বলেন, ‘আমার তো কিছুই নাইকা। থাকার একটা ঘর আছিল, হেইডাও নদীতে গেছেগা। সাহাইয্য তো পাই না, কেউ খোঁজও নেয় না।’
তিনটি ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দার অভিযোগ, পদ্মার ভাঙন রোধে কাজ হবে, এমন কথা অনেক দিন থেকে শোনা যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো কাজ হাতে নেওয়া হয়নি। নদী খনন ও জিও ব্যাগ ফেলার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কয়েকবার হিসাব নিয়ে গেলেও কোনো কাজ হয়নি।
জানতে চাইলে নারিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাহউদ্দিন দরানি বলেন, ‘সরকার থেকে ১৫ কোটি টাকার বরাদ্দ পেয়েছি। ৫ কোটি টাকায় নদী খনন করা হবে। নদীভাঙন ঠেকাতে ১০ কোটি টাকার জিও ব্যাগ ফেলা হবে। দুটি কোম্পানি এসেছে। খুব শিগগির কাজ শুরু হবে।’
দুই বছর ধরে নয়াবাড়ি ইউনিয়নের ভাঙনপীড়িত এলাকায় কাজ হওয়ার কথা। এ বিষয়ে ওই ইউপির চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ২১৭ কোটি টাকার একটি বরাদ্দ পেয়েছি। তিন কিলোমিটার এলাকায় খনন ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হবে। কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে।’
সুতারপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ ব্যাপারী বলেন, ‘ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দুই দফায় তিন টন চাল পেয়েছি। এ ছাড়া কোনো সাহায্য আসেনি। সরকার কোনো ব্যবস্থা না নিলে কাজ করা সম্ভব না। এ ছাড়া নদীর যে অংশে কাজ করা প্রয়োজন, সেখানে এখন অনেক পানি।’
তিনটি ইউপির চেয়ারম্যানের দাবি, নদীর ভাঙনে গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তাঁদের এলাকার অন্তত ৭৫০টি পরিবার ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. কায়কোবাদ বলেছেন, পাউবোর পক্ষ থেকে নয়াবাড়ি ইউনিয়নের জন্য একটি কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আপাতত কোনো কাজ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আল আমীন বলেন, পদ্মার ভাঙন রোধে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট তহবিল না থাকায় ভাঙন রোধে উপজেলা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।