দোয়ারাবাজারে বিদ্রোহী নিয়ে বেকায়দায় আওয়ামী লীগ
তিনবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলে বড় পদ আছে, কিন্তু দলীয় প্রতীক পাননি। হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রতীক না পেলেও দলীয় কার্যালয় ঠিকই রয়েছে তাঁর নিয়ন্ত্রণে। সেখানেই প্রধান নির্বাচনী কার্যালয়। অথচ দলের মনোনয়ন পেয়েছেন যিনি, তিনি ঢুকতে পারেননি দলীয় কার্যালয়ে।
এই চিত্র সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউপির। শুধু এই একটিতে নয়, উপজেলার নয় ইউপিতেই ‘বিদ্রোহীদের’ নিয়ে বেকায়দায় আছেন আওয়ামী লীগের প্রার্থীরা। কোনো কোনো ইউপিতে বিদ্রোহীদের চাপে কোণঠাসা দলীয় প্রার্থী। বিদ্রোহীদের মধ্যে ছয়জন আছেন বর্তমান চেয়ারম্যান।
দলীয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় গতবারের ইউপি নির্বাচনে নয়টির মধ্যে আটটিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। এবার আটজনের মধ্যে সাতজনের ভাগ্যেই দলীয় মনোনয়ন জোটেনি। মনোনয়নবঞ্চিতদের মধ্যে এলাকায় ব্যাপক প্রভাবশালী, তিনবার-চারবারের চেয়ারম্যানরাও আছেন।
উপজেলার সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল খালিক টানা তিনবারের চেয়ারম্যান। তিনি বলেন, ‘দলীয় প্রতীক না পেলেও নেতা-কর্মীরা আমাকে ছেড়ে যাননি। সবাই আমার সঙ্গে আছেন। তাঁরাই দলের কার্যালয় থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।’
আওয়ামী লীগের প্রার্থী আবদুল হামিদ বলেন, ‘নৌকার পক্ষেই নেতা-কর্মীরা আছেন এবং কাজ করছেন। দলীয় কার্যালয়ের চাবি বিদ্রোহী প্রার্থীর কাছে। আমি চাবি চাইনি। আমি অন্য স্থানে নির্বাচনী কার্যালয় করেছি।’
একই অবস্থা লক্ষ্মীপুর ইউপিতে। এখানে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন টানা দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারে অবস্থিত দলীয় কার্যালয়কেই তাঁর নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। আমিরুল ইসলাম বলেন, ‘দল এখান থেকেই চলে। ১০ বছর আগে এখানে দলীয় কার্যালয় করেছিলাম। এখন যে কাউকে দলীয় প্রার্থী দিলেই নেতা-কর্মীরা তাঁকে মেনে নিবে এটা ভাবা ভুল।’ তবে জহিরুল ইসলাম বলেন, ‘নৌকার পক্ষে দলের সবাই কাজ করছেন। আমি যেটিতে নির্বাচনী কার্যালয় করেছি সেটিই আসলে দলীয় কার্যালয়। গত দুই বছর ধরে এখান থেকে দলের কার্যক্রম চলছে।’
দোহালিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হলেন আনোয়ার মিয়া আনু। এখানে দলের বিদ্রোহী প্রার্থী চারজন। এঁরা হলেন বর্তমান চেয়ারম্যান আবদুল জলিল, শামিমুল ইসলাম, এমরাজ তালুকদার ও রাসেন্দ্র দাস। আনোয়ার মিয়া বলেছেন, ‘আমাকে নানাভাবে বিদ্রোহী প্রার্থীরা হয়রানি করছেন। প্রচারণায় কর্মী-সমর্থকদের বাধা দিচ্ছেন। রাতের অন্ধকারে আমার এক আত্মীয়ের দুটি যানবাহন পোড়ানো হয়েছে।’
বোগলাবাজার ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন মিলন খান। বিদ্রোহী হিসেবে মাঠে আছেন বর্তমান চেয়ারম্যান আহমদ আলী আপন। আহমদ আলী বলেন, ‘দলের জন্য শ্রম দিই আমরা, মনোনয়ন পায় অন্যজন। এতে সবাই ক্ষুব্ধ। আমার এখানে মনোনয়ন-বাণিজ্য হয়েছে। দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর চাপেই প্রার্থী হয়েছি।’
মান্নারগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হলেন বরুণ চন্দ্র দাস। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন সামছুদ্দিন আহমদ। দলের মনোনয়নবঞ্চিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খান প্রার্থী হননি। পান্ডারগাঁও ইউপিতেই একমাত্র বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহিদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তবে তিনিও ‘চাপমুক্ত’ নন। এখানে দলের বিদ্রোহী আছেন তিনজন। এঁরা হলেন হুমায়ুন কবির, আমজদ আলী ও মোহাম্মদ আলী।
নরসিংপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হলেন আবদুর রশিদ তালুকদার। এই ইউপিতে চারবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান দলীয় মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বাংলাবাজার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হলেন আবুল হোসেন। এখানে বিদ্রোহী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জসিম উদ্দিন রানা। সুরমা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হলেন খন্দকার মামুনুর রশিদ। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন হুমায়ূন রশিদ।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক জানান, দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে করণীয় সম্পর্কে এখনো তিনি কেন্দ্র কিংবা জেলা থেকে কোনো নির্দেশনা পাননি। তিনি বলেন, ‘ইউনিয়ন, উপজেলা ও জেলার মতামতের ভিত্তিতেই দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। যাঁরাই মনোনয়ন পেয়েছেন দলের সব নেতা-কর্মীর উচিত তাঁদের সঙ্গে থাকা। দলীয় নেতা-কর্মীদের নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’
দোয়ারাবাজার উপজেলার নয়টি ইউপিতে ২৩ এপ্রিল ভোট হবে।