দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে প্রাথমিক আন্ত ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গতকাল বৃহস্পতিবার মালিহা খাতুন (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলায় ইউনিয়নভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্ত ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা চলছে। গতকাল সকাল থেকে উপজেলার রাধানগর ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঠানপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে। দুপুরে মালিহা অন্য শিক্ষার্থীদের সঙ্গে সেখানে চকলেট দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় মাঠে দৌড়াতে গিয়ে হঠাৎ সে মাটিতে পড়ে যায়। এতে নাক-মুখ দিয়ে রক্ত বের হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
মালিহা রাধানগর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গতকাল বিকেলে হাসপাতালে মালিহার পাশে থাকা রাধানগর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহারুল ইসলাম বলেন, তার জন্য সবাই দোয়া করবেন।