দৌলতখানে চরের জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব
ভোলার দৌলতখান উপজেলার চর নেয়ামতপুরের ৩ হাজার ৩০০ একর জমির দখল নিয়ে বন্দোবস্ত কার্ডধারী ও প্রকৃত মালিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন মাইকযোগে প্রচার চালিয়ে চর থেকে বাসিন্দাদের চলে যেতে বলেছে।
প্রকৃত মালিকপক্ষের চর নেয়ামতপুর কৃষক সমিতির সভাপতি ফেরদৌস আহাম্মেদ বলেন, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের চর নেয়ামতপুরে ১২ হাজার একর জমি আছে। ১৯৭১ সালের পর থেকে দুই দফা ভাঙনে চরটি বিলীন হয়। পরে আবার জেগে ওঠে চরটি। ১৯৯৭ সালে নিঃস্ব কৃষকেরা ওই চরে চাষাবাদ শুরু করেন। কিন্তু তৎকালীন সরকার ওই চরের জমিকে খাস বলে ঘোষণা করে। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত স্থানীয় প্রভাবশালী জোতদারদের মধ্যে ২ হাজার ২০০টি কার্ডে ৩ হাজার ৩০০ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়।
সিকস্তি-পয়স্তি আইন অনুযায়ী, ২৫ বছরের মধ্যে নদীতে ভেঙে যাওয়া জমি জেগে উঠলে, সে জমি প্রকৃত মালিক ফেরত পাবেন। তাই প্রকৃত মালিকপক্ষের দাবিদারেরা উচ্চ আদালতে ২০০৬ সালে রিট আবেদন করেন। আদালত চর নেয়ামতপুর ইউনিয়নের চর নেয়ামতপুর ও মানিকপুর মৌজার জমি বন্দোবস্ত না দেওয়ার আদেশ দেন। সেইসঙ্গে প্রকৃত মালিকদেরই ভোগ দখল করতে দিতে নির্দেশ দেওয়া হয়। এর আগে মালিকেরা ১৯৮৬ সাল পর্যন্ত সব খাজনা পরিশোধ করে রাখেন।
মালিকপক্ষের কৃষক সমিতির সম্পাদক বশির আহমেদ অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন উচ্চ আদালতের রায় উপেক্ষা করে ওই ভূমি জোতদারের পক্ষে চর নেয়ামতপুরের ১০ হাজার পরিবারকে উৎখাত করার পাঁয়তারা করছেন। জমির প্রকৃত মালিকেরা এ অন্যায়ের প্রতিবাদে এর আগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
চরের কৃষক মহিউদ্দিন আহমেদসহ অনেকে বলেন, তাঁদের বাপ-দাদার ভিটা-মাটি আবার জেগে উঠলে সবাই চরে চাষাবাদ শুরু করেছিলেন। একটি মহল ওই জমি দখলের জন্য প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে। তারা চর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য মাইকিং করেছে। না গেলে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
বন্দোবস্তপ্রাপ্ত কার্ডধারীদের চর নেয়ামতপুর কৃষক সমবায় সমিতি দৌলতখান উপজেলা চর নেয়ামতপুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির সহসভাপতি আবদুল কাইয়ুম মৃধা অভিযোগ করেন, সরকার ২০০১ সাল থেকে তাঁদের দেড় একর করে জমি বন্দোবস্ত দেয়। বর্তমানে ওই চরের খাসজমি পৈতৃক দাবি করে ফেরদৌস-বশির পক্ষ ভোগ দখল করছে। জমিতে তাঁদের উঠতে দিচ্ছে না। তাঁদের উৎখাত করার জন্য প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়েছে ওই পক্ষ। এরা সংবাদ সম্মেলনও করেছে।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ২০০৭ সালে আদালত আগের আদেশ স্থগিত করেন। তিনি চরবাসীকে উৎখাতের জন্য কোনো মাইকিং করাননি বলে জানান। যাঁরা এই কাজ করেছেন তাঁদের আটকের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এসব জমির মালিকানা নিয়ে হাইকোর্টে মামলা থাকায় সর্বশেষ নির্দেশ সম্পর্কে জানাতে সরকারপক্ষের উকিলের কাছে চিঠি দেওয়া হয়েছে। সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারিভাবে যাঁরা দেড় একর করে জমি বন্দোবস্ত নিয়েছেন তাঁদের ওই চরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।