দৌলতখানের ১১ পরিবারে মাতম, নেই ঈদের আনন্দ
১৫ দিনেও সাগরমোহনায় ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারের ১১ জেলের খোঁজ মেলেনি। তাঁদের সবাই ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা। জেলে পরিবারগুলোতে চলছে মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ না পেয়ে ঈদের আনন্দও মাটি হয়ে গেছে।
উপজেলা প্রশাসন, ট্রলার মালিক ও জেলেরা জানান, ১২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় ভোলার শিবচরের কাছে সাগরমোহনায় ঝড়ে দৌলতখান উপজেলার চৌধুরী মোল্লার মাছ ধরার ট্রলারটি ১৮ জন জেলে নিয়ে ডুবে যায়। সাত জেলে সাঁতরে উদ্ধারকারী নৌকায় উঠলেও ১১ জন নিখোঁজ হন।
নিখোঁজ জেলেরা হলেন দৌলতখানের চর খলিফা ইউনিয়নের ইসমাইল, ফারুক মিস্ত্রি, বাবুল; দৌলতখান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মতলব; সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের আলমগীর হোসেন, রাসেল, মো. হিরণ; মেদুয়া ইউনিয়নের মেদুয়া গ্রামের আবু এবং চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের আলাউদ্দিন, অহিদুল্যাহ, সহিজল মাতব্বর।
উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে রাসেলের শোকে পাথর হয়ে গেছেন মা রেবু বেগম। স্ত্রী বিলকিস বেগমের চোখেও অঝোরে পানি ঝরছে।
সৈয়দপুর ইউনিয়নের আবু মাঝির স্ত্রী জহুরা বেগম স্বামীর চিন্তায় পাগলপ্রায়। স্বামীর কথা মনে পড়লেই তাঁর চোখে পানি ঝরে।
আবু মাঝির বোন নাসিমা বলেন, আবু মাঝির তিন ছেলে ও তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়েছে। সাগরে মাছ ধরে ২৭ রোজায় বাড়ি ফেরার কথা। ভালো মাছ পেলে ঈদে সবার জন্য নতুন জামকাপড় কিনবেন বলেছিলেন।
দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান প্রথম আলোকে বলেন, নিখোঁজ জেলেদের পরিবারের পুনর্বাসন দরকার। এসব পরিবারের ঈদের আনন্দও মাটি হয়ে গেছে।