
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে বড় যানবাহন পারাপারের ব্যবস্থা গতকালও সচল করা যায়নি। পদ্মার ভাঙনে ঘাট ও সংলগ্ন রাস্তা নদীতে বিলীন হওয়ায় এখানকার চারটি ঘাটের তিনটি পুরোপুরি বন্ধ আছে দুই দিন ধরে। অপর ঘাটটিতে একটি র্যাম দিয়ে কোনো রকমে ছোট গাড়ি পারাপার হচ্ছে।
ঘাট সচল করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিআইডব্লিউটিএ বলছে, সওজ সড়ক নির্মাণ ও মেরামতকাজ মঙ্গলবার (আজ) বিকেলের মধ্যে শেষ করতে পারলে ওই সময় থেকে তারাও দুটি ঘাট চালু করতে পারবে। তবে সওজ বলেছে, বৃহস্পতিবার সকালের আগে এই দুই ঘাট চালু করা কষ্টকর হবে।
এ অবস্থায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দুই প্রান্তে, বিশেষত দৌলতদিয়ায় গতকাল সোমবারও আটকে ছিল বাস-ট্রাকসহ শত শত গাড়ি। ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের নৌ-যোগাযোগে সৃষ্ট এ অচলাবস্থা কাটতে আরও দু-তিন দিন লাগতে পারে।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজামউদ্দিন পাঠান বলেন, নদীভাঙন পরিস্থিতি এতটাই খারাপ যে রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দৌলতদিয়ার ১ নম্বর ঘাটের ১০০ ফুটের বেশি পাকা সড়ক বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে ঘাটসংলগ্ন বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান। এ সময় ঘাটের র্যামসহ পন্টুন ভেসে যায়। রাতেই উদ্ধারকারী জাহাজের সাহায্যে পন্টুনটি কয়েক শ গজ ভাটিতে বালুর ঢিবির সঙ্গে আটকে রাখা হয়। ভাঙন না কমা পর্যন্ত ১ নম্বর ঘাট চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
নির্বাহী প্রকৌশলী জানান, ২ নম্বর ঘাটটি দ্রুত চালু করতে পাইলিং শেষে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ইট-সুরকি ফেলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘাটটি চালুর জোর প্রচেষ্টা চলছে। ৪ নম্বর ফেরিঘাট সড়কের অনেকটা বিলীন হওয়ায় ২৭ জুলাই থেকে এটি বন্ধ রয়েছে। সওজ এ ঘাটও পাইলিং শেষে বালুভর্তি বস্তা ফেলে তৈরির কাজ প্রায় শেষ করেছে। আশা করা যায়, মঙ্গলবার রাতের মধ্যে কাজ শেষ হবে। ঘাট দুটি চালু হলে ৩ নম্বর ঘাটের কাজ শুরু করা হবে।
গতকাল দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ১ নম্বর ঘাটের র্যামসহ পন্টুনটি পাশে বালুর ঢিবিতে আটকে রাখা হয়েছে। ২ নম্বর ঘাট চালু করতে বালুভর্তি বস্তা ও ইট-সুরকি ফেলা হচ্ছে। এর র্যামটি রেকার দিয়ে উঁচু করে ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের কাজ চলছে। ৩ নম্বর ঘাটের একটি র্যাম দিয়ে ছোট গাড়ি ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ফেরিতে ওঠানামা করছে। বাকি র্যামটির নিচে মাটি না থাকায় সেটি উঁচু করে রাখা হয়েছে। ৪ নম্বর ঘাটটি চালু করতে পাইলিংয়ের সঙ্গে খোয়া-বালু ফেলা হচ্ছে। যাত্রীদের নামিয়ে প্রায় দুই শ বাস টার্মিনাল ও সড়কে দাঁড়িয়ে আছে। তিন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে বেশ কিছু ট্রাক তিন-চার দিন আগে এসে আটকা পড়ে আছে।
ঘাটে আটকে থাকার দুর্ভোগ প্রসঙ্গে যশোর থেকে প্লাস্টিকের সামগ্রী নিয়ে আসা একটি ট্রাকের চালক আবদুর রশিদ বলেন, ‘তিন দিন ধরে রাস্তায় কাটাচ্ছি। যেতে হবে মানিকগঞ্জ। উপায় না পেয়ে ঘাটেই বসে আছি।’
রোববার রাজবাড়ী পুলিশ প্রশাসন মানুষের দুর্ভোগ এড়াতে দৌলতদিয়ার পরিবর্তে বিকল্প ঘাট বা অন্য রুট ব্যবহার করে চলাচলের অনুরোধ জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তা বলেন, বর্ষার আগেই ভাঙনের ব্যাপারে বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বারবার অনুরোধ জানানো হয়েছে। কেউ তেমন কর্ণপাত করেনি। সময়মতো ব্যবস্থা নিলে এ অচলাবস্থার সৃষ্টি হতো না। এ ছাড়া ঘাট রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁদের অনেকেই ঘাটে থাকেন না।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ঘাটের অচলাবস্থা কাটাতে সংশ্লিষ্ট সব বিভাগ রাত-দিন কাজ করছে। সমস্যা আরও দু-এক দিন থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অন্তত একটি ঘাট চালু করা গেলে দুর্ভোগ কিছুটা হলেও কমবে।