দৌলতদিয়া ঘাটে অচলাবস্থা, শত শত গাড়ি আটকে আছে

পদ্মা নদীতে তীব্র স্রোত ও ভাঙন দেখা দেওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভাঙনের কারণে আজ মঙ্গলবারও দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি বন্ধ ছিল। চালু রয়েছে এমন দুটি ঘাটের একটিতে আবার সীমিতসংখ্যক গাড়ি পারাপার হচ্ছে। এ কারণে ঘাটের দুই পাশেই যানজটে আটকে পড়েছে শত শত গাড়ি। এ অবস্থার দ্রুত পরিবর্তন না হলে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ভাঙনে ২ নম্বর ঘাটের একটিমাত্র র্যাম দিয়ে ফেরিতে গাড়ি ওঠা-নামা করছে। এর আগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘাটটি বন্ধ ছিল। ৪ নম্বর ঘাট চালু থাকলেও সেখানেও ভাঙন দেখা দিয়েছে। ৩ নম্বর ঘাটে ভাঙন দেখা দেওয়ায় সোমবার বিকেল চারটা থেকে তা বন্ধ রয়েছে। এ ছাড়া প্রায় এক মাস ধরে ১ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে।
আজ সকালে ঘাটে গিয়ে দেখা যায়, ১ নম্বর ঘাট আগের মতো বন্ধ এবং ২ নম্বর ঘাটের একটি র্যাম দিয়ে ফেরিতে গাড়ি উঠছে-নামছে। অন্য র্যামের নিচে মাটি না থাকায় উঁচু করে রাখা হয়েছে। ৩ নম্বর ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক্সকাভেটর দিয়ে কাজ করছে। ৪ নম্বর ঘাটের পাইলিংয়ের পাশ ধসে মূল সড়ক থেকে পাইলিংয়ের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে। গাড়ি পারাপার ব্যাহত হওয়ায় ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের চার লেন সড়কের সাড়ে তিন কিলোমিটারজুড়েই অসংখ্য গাড়ি নদী পার হওয়ার অপেক্ষায় আছে।
বরগুনা থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে আসা ঈগল পরিবহনের বাসচালক বাবুল শেখ জানান, গতকাল সোমবার দিবাগত রাত দেড়টায় ঘাটে ১০ ঘণ্টা আটকে ছিল তাঁর বাস। ১০ ঘণ্টা পার হলেও ফেরির নাগাল পাননি। বেনাপোল থেকে পেঁয়াজবোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন ট্রাকচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে ঘাটে যানজটে আটকে আছি। নদী পার হতে পারলে চট্টগ্রাম অথবা ফেনী যাওয়ার সিদ্ধান্ত নেব।’ দুই সারিতে এভাবে যানজটে আটকে আছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ কয়েক শ গাড়ি।
বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, প্রতিদিনই কিছু কিছু করে পন্টুনের নিচের সংযোগ সড়ক ভাঙছে। পন্টুনসহ র্যামকে উঁচুতে নিয়ে বসানো হচ্ছে। বন্ধ থাকা ৩ নম্বর ঘাট মঙ্গলবার সন্ধ্যা নাগাদ চালুর চেষ্টা করা হচ্ছে। ভাঙন ও স্রোত কমলেই ১ নম্বর ঘাট চালুর কাজ শুরু হবে।