দৌলতদিয়া ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড়
ঈদের ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে মানুষের প্রচণ্ড ভিড় ছিল।
দুপুরে সরেজমিনে দেখা যায়, নির্বাহী হাকিম, পুলিশ, আনসার, রোভার স্কাউট ও বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে যাত্রীদের লঞ্চে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে মাঝেমধ্যে যাত্রীরা ঠেলাঠেলি করে লঞ্চে উঠে পড়ছেন।
ঝিনাইদহে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে ঢাকার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক সুমন শেখ বলেন, ‘বাসে সারা পথ মোটামুটি ভালোভাবেই এলাম। কিন্তু ঘাটে এসে দেখি পরিবহনের লম্বা সারি ও মানুষের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।’
ঘাটে তদারকি করছিলেন নির্বাহী হাকিম ও গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ। তিনি বলেন, দুপুর থেকে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ পড়তে শুরু করেছে। সামনে চাপ আরও বাড়বে। ইউএনও বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নির্বিঘ্নে পারাপার হওয়ার জন্য যাত্রীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
এদিকে দুপুরে ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়।
এ সময় অনেক যাত্রী বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়েন। তবে সাধারণ পণ্যবাহী ট্রাক ও যানবাহন চলাচল কম থাকায় দূরপাল্লার বাসগুলোকে ক্রম (সিরিয়াল) মেনে ফেরিতে উঠতে দেখা যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত ফেরি থাকায় এখন পর্যন্ত তেমন বেগ পোহাতে হয়নি। দুপুর থেকে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার বাস আসতে শুরু করায় ঘাটে যানবাহনের লম্বা সারি দেখা গেছে।