রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের কাছে ডুবোচরে গতকাল শনিবার বিকেলে একটি ফেরি আটকা পড়ে। এ ছাড়া গতকাল সকাল ও দুপুরে দুটি ফেরি বিকল হয়ে যায়। এ কারণে দৌলতদিয়া ঘাটে বাস, ট্রাকসহ কয়েক শ যান আটকা পড়ে। এতে যাত্রীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সাড়ে তিনটার দিকে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটের কাছে ডুবোচরে আটকা পড়ে। এ সময় ফেরিটিতে নয়টি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, ১০টি ব্যক্তিগত গাড়িসহ প্রায় ৩০০ যাত্রী ছিলেন। উদ্ধারকারী জাহাজ এসে বিকেল সোয়া পাঁচটার দিকে এটি উদ্ধার করে।
বিআইডব্লিউটিসি ঈদের সময় যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি চালু রাখে। কিন্তু এক সপ্তাহ আগে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রো রো ফেরি শাহ মখদুমকে স্থায়ীভাবে মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়। এ ছাড়া পাঁচ দিন ধরে যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে কে-টাইপ ফেরি কপোতি ও কাবেরীকে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কাবেরীর ইঞ্জিনে সমস্যার কারণে ইঞ্জিন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রকৌশলীদের জন্য অপেক্ষা করা হচ্ছে। তাঁরা এলেই মেরামতকাজ শুরু হবে।
গতকাল সকাল আটটার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুপুর ১২টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় রো রো ফেরি শাহ পরানে। দুটি ফেরিকেই তাৎক্ষণিকভাবে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে নেওয়া হয়। ফলে বর্তমানে নয়টি বড় ফেরির মধ্যে চলছে ছয়টি, কে-টাইপ তিনটি ফেরির মধ্যে একটি এবং ছয়টি ইউটিলিটির মধ্যে চলাচল করে পাঁচটি। এর মধ্যে দুর্ঘটনা এড়াতে রাতে তিনটি ইউটিলিটি ফেরি বন্ধ রাখা হয়। ফেরিস্বল্পতার কারণে সন্ধ্যা সাতটার দিকেও দৌলতদিয়া ঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার লম্বা দুই সারি বাস, ট্রাকসহ কয়েক শ যান আটকা ছিল। এসব যানবাহনের কয়েক শ যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে ফেরি বিকলের সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেরিস্বল্পতার পাশাপাশি নদীতে তীব্র স্রোতের কারণে সময় বেশি লাগায় দৌলতদিয়া ও পাটুরিয়া—উভয় ঘাটে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।