দৌলতদিয়া ঘাটে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ নৌবন্দর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে নৌ-পুলিশ মোতায়েনসহ নতুন বিকল্প চ্যানেল খুলে দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চারটি ড্রেজার। ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে।
ঘাট-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ঈদের এক সপ্তাহ আগে থেকে দৌলতদিয়ায় জেলা ও পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ নানা উদ্যোগ গ্রহণ করে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাটের সঙ্গে এ বছর আরও একটি ঘাট বাড়িয়েছে। প্রতিবছর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১২-১৩টি ফেরি চললেও এবার ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা কমাতে বিআইডব্লিউটিএ ফেরি ও লঞ্চঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে সার্চলাইট বসিয়েছে। বিভিন্ন খুঁটির সঙ্গে বৈদ্যুতিক বাতি লাগিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফেরি ও লঞ্চঘাটের বিভিন্ন পয়েন্টে এবং ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মোটরসাইকেলে করে পুলিশ সদস্যদের নিয়মিত টহলসহ ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক নজরদারি করছে।
সম্প্রতি নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভায় ঈদে ঘাটে যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়। পুলিশ সুপার মো. রেজাইল হকের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আড়াই শ সদস্য ঘাট এলাকায় ২৪ ঘণ্টা তিন দফায় দায়িত্ব পালন করছেন। রাজবাড়ী, ফরিদপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও নৌ-পুলিশ, মেরিন পুলিশও তৎপর রয়েছে।
পুলিশ সুপার মো. রেজাইল হক বলেন, ফেরিতে জুয়া খেলা, ডাকাতি, পকেটমার বা ছিনতাইকারীদের সব ধরনের অপতৎপরতা রোধ করতে এবার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নৌপথ ও সড়কপথের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদের কয়েক দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ বলেন, ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের চলাচলের সুবিধার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ঘাটের গুরুত্বপূর্ণ অন্তত ১২টি জায়গায় সার্চলাইট লাগানো হয়েছে। তবে লো-ভোল্টেজের অনেক বাতিই কেটে যাচ্ছে। ভোল্টেজ বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে নৌপথ ঠিক রাখতে ড্রেজিংয়ের বিষয়ে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান বলেন, বৃহস্পতিবার থেকে দৌলতদিয়া ঘাটের সাবেক বিকল্প চ্যানেলটি চালু করা হয়েছে। বর্তমানে আগের চ্যানেল ছাড়াও ডাউনের বিকল্প চ্যানেল দিয়ে ফেরিগুলো আসা-যাওয়া করছে। এ ছাড়া কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে চারটি ড্রেজার প্রস্তুত রাখা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ জানান, কোনো যানবাহন থেকে কেউ টাকা আদায় করলে বা যাত্রীদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া তাঁর তত্ত্বাবধানে ঘাটে তিনটি ভ্রাম্যমাণ আদালতের তিনটি দল কাজ করছে।