দৌলতদিয়া ঘাটের চার পয়েন্টে সিসি ক্যামেরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ঘাটের চার পয়েন্টে জেলা পুলিশের উদ্যোগে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) স্থাপন করা হয়েছে। আসন্ন ঈদ সামনে রেখে ঘাটে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ও দালালমুক্ত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, দেশের গুরুত্বপূর্ণ এই দৌলতদিয়া ঘাট দিয়ে প্রতিদিন শত শত গাড়ি পারাপার হয়। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ঈদের সময় যানবাহনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়। এ সুযোগে স্থানীয় দালালদের তৎপরতা বেড়ে যায়। একই সঙ্গে ঘাট এলাকায় বেপরোয়া হয়ে উঠে পকেটমার, ছিনতাইকারী, অজ্ঞান পার্টিসহ অন্য অপরাধীরা। বিষয়টি মাথায় রেখেই ঘাট এলাকাকে অপরাধমুক্ত রাখতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতদিয়া ঘাটকে সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ জানান, ঈদের আগে ও পরে ঘাট এলাকায় যাত্রী ও পরিবহন পারাপার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন হচ্ছে। দৌলতদিয়া ঘাটকে এক প্রকার নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। এরই অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, দৌলতদিয়া ঘাটের ট্রাক বুকিং কাউন্টার, পরিবহন সিরিয়ালের সামনে, পুলিশ বক্সের সামনে ও লঞ্চঘাট অভিমুখী সড়কে চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে ফেরিঘাটের চারটি পয়েন্টে আরও চারটি সিসি ক্যামেরা বসানো হবে। জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সার্বক্ষণিক বিষয়টি তদারকি করবেন।