বন্যায় ভাঙনের পর এবার ঘাট ও ফেরিস্বল্পতায় রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল বুধবার দৌলতদিয়ায় চারটির মধ্যে মাত্র দুটি ঘাট চালু ছিল। এ ছাড়া যান্ত্রিক ত্রুটিতে বসে পড়ে তিনটি ফেরি। ফলে উভয় ঘাটে দেখা দেয় গাড়ির দীর্ঘ সারি। দুই দিনেও নদী পাড়ি দিতে পারেনি অনেক পণ্যবাহী ট্রাক ও বাস। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মোট ১৯টি ফেরি চলাচল করে। যান্ত্রিক ত্রুটিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে বসে পড়ে রোরো ফেরি শাহ জালাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ইউটিলিটি হাসনা হেনা। এ ছাড়া বড় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে গত ২৯ জুলাই পাঠানো হয় রোরো ফেরি খান জাহান আলী এবং ১৭ জুলাই আমানত শাহ। এর আগে ২২ মার্চ থেকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে যান্ত্রিক ত্রুটিতে বসে আছে ইউটিলিটি ফেরি মাধবীলতা। বর্তমানে চালু রয়েছে ১৩টি ফেরি।
নদীর পানি কমায় গতকাল সকাল থেকে দৌলতদিয়ার দুই নম্বর ঘাটটি বন্ধ রেখে নিচু স্থানে নামানো ও পন্টুন অন্যত্র স্থানান্তর করায় তা বন্ধ রয়েছে। বর্তমানে দুটি ঘাট সচল রয়েছে। ঘাট ও ফেরিস্বল্পতায় উভয় ঘাটে আটকা পড়ছে দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাস।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক্সাভেটর দিয়ে দৌলতদিয়ার দুই নম্বর ঘাট উঁচু থেকে নামানোর কাজ চলছে। ফলে গতকাল থেকে সেটি বন্ধ। এক নম্বর ঘাট বন্যার ভাঙনের সময় থেকেই বন্ধ। কেবল তিন ও চার নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে উঠছে। ঘাটে কর্তব্যরত বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার বলেন, পদ্মার পানি কমে যাওয়ায় দুই নম্বর ঘাটটি নিচু স্থানে বসাতে সকাল নয়টা থেকে বন্ধ রেখে কাজ চলছে। আগামী সপ্তাহে এক নম্বর ঘাটের সংস্কারকাজ শুরু হবে।
গতকাল দুপুরে সরেজমিন দেখা যায়, ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সারিতে নদী পার হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে কয়েক শ পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য গাড়ি। যানজটে আটকা পড়া ট্রাকচালক মো. শফিক রাঢ়ী বলেন, বেনাপোল থেকে লোহার পাত নিয়ে সিলেটের উদ্দেশে রওনা করে গত মঙ্গলবার বেলা তিনটার দিকে ঘাটে লম্বা লাইনে আটকা পড়েন। ২০ ঘণ্টা পরও ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ক্যানালঘাট এলাকায় আটকে আছেন। আগে রয়েছে আরও শতাধিক গাড়ি।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ঘাটসংকটের কারণেই গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল সংস্কারের জন্যই দুই নম্বর ঘাট বন্ধ আছে। পর্যায়ক্রমে কাজ শেষে ঘাটগুলো চালুর সম্ভাবনা রয়েছে।