দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনালে পশুর বর্জ্য, নর্দমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট-সংলগ্ন টার্মিনালটি এখনো ব্যবহারের উপযোগী হয়নি। টার্মিনালে পারাপারের জন্য আনা গবাদিপশু ওঠানামা করানোয় বর্জ্যে পুরো টার্মিনাল নর্দমায় পরিণত হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরিবহন সংস্থা ও প্রভাবশালীদের বাঁশের তৈরি ঘরে দখল হয়ে রয়েছে টার্মিনালের একাংশ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঈদের আগে টার্মিনাল উঁচু করা ও সড়ক সংস্কারের আশ্বাস দিলেও তা করা হয়নি। এ কারণে ঈদে বাড়ি ফেরা লোকজন ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, ফেরিঘাট-সংলগ্ন টার্মিনালটি সড়ক থেকে নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। টার্মিনালটি উঁচু না করায় তা এখনো যানবাহন রাখার উপযোগী হয়নি। স্থানীয় বিভিন্ন পরিবহন সংস্থার খুপরিঘর ও প্রভাবশালীদের দেওয়া বাঁশের বেড়ায় এর একাংশ দখল হয়ে গেছে। এ ছাড়া প্রতিদিন পারাপারের জন্য আনা গবাদিপশু ওঠানামা করানোয় বর্জ্যে পুরো টার্মিনাল নর্দমায় পরিণত হয়েছে। এ কারণে কোনো চালকই টার্মিনালে যানবাহন রাখতে চান না।
এ ছাড়া দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনালে জলাবদ্ধতার কারণে যানবাহন রাখা সম্ভব হচ্ছে না। ১৮ জুলাই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দৌলতদিয়ায় ফেরি উদ্বোধনের অনুষ্ঠানে এসে ঈদের আগেই টার্মিনালের পানি নিষ্কাশন করার নির্দেশ দেন। কয়েক দিন ধরে পাম্প দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে।
এর আগে ৫ জুন প্রথম আলোয় ‘ফেরিঘাট টার্মিনালে জলাবদ্ধতা, ভোগান্তি’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন ছাপা হয়। তখন বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল্লাহ বলেছিলেন, দ্রুত টার্মিনাল ও সড়ক সংস্কারের মাধ্যমে ঈদের আগে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। কিন্তু তাঁর দেওয়া এই আশ্বাস আলোর মুখ দেখেনি।
গত বুধবার শফিউল্লাহ বলেন, ঈদের আগে ট্রাক টার্মিনালটি উঁচু করতে গেলে ঝামেলা হতে পারে ভেবে ঈদের পর কাজ শুরুর চিন্তা রয়েছে। ফেরিঘাট টার্মিনালটি নিচু হওয়ায় বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গবাদিপশু ওঠানামা করান। এতে বর্জ্য জমে বৃষ্টির পানি বের হতে পারে না। দায়িত্বপ্রাপ্ত বন্দর কর্মকর্তাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু তিনিও নিরুপায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাক টার্মিনাল থেকে পানি নিষ্কাশন করা হলেও ফেরিঘাট টার্মিনালটি এখনো ব্যবহারের উপযোগী করা হয়নি। এই অবস্থায় থাকলে ঈদে বাড়তি যানবাহনের চাপে লোকজনকে দুর্ভোগে পড়তে হবে।