দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ভাঙন

আবারও ভাঙন শুরু হয়েছে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে। গত দুই দিনে পদ্মার ভাঙনে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের পাইলিংয়ের প্রায় ৬৪ মিটার এবং সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৭৫ মিটার অংশ ভেঙে গেছে। আরও বড় অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ভাঙনের কারণে এক সপ্তাহের বেশি সময় তিনটি ঘাট বন্ধ ছিল। বর্তমানে ১ নম্বর ঘাটটি ছাড়া বাকি তিনটি ঘাট চালু থাকলেও গত বুধবার দিবাগত মধ্যরাত ও বৃহস্পতিবার ৪ নম্বর ঘাটে কয়েক দফায় পাইলিংয়ের পুরো অংশ ও সওজের পাকা সড়কের অনেকটা ধসে যায়। আরও বিশাল অংশ নিয়ে ফাটল দেখা দিয়েছে। কর্তৃপক্ষ সড়কের ধস ঠেকাতে তার টানা দিয়েও রক্ষা করতে পারছে না। এ কারণে যেকোনো মুহূর্তে ঘাটটি আবারও বন্ধের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ৪ নম্বর ঘাটের অংশে সড়কের ভাঙন ঠেকাতে দেওয়া পাইলিংয়ের বিশাল অংশ নিচের দিকে ধসে গেছে। সড়কের কয়েকটি স্থানে বিশাল আকারের ফাটল দেখা দেওয়ায় ভাঙন ঠেকাতে পাইলিং থেকে সড়কের বিপরীত পাশ পর্যন্ত কয়েকটি স্থানে তার দিয়ে টানা দেওয়া হয়েছে। এ ছাড়া সড়কের এক পাশে বালুর বস্তার খামাল রাখা হয়েছে। এর পাশ দিয়ে কোনো রকমে গাড়িগুলো ফেরিতে উঠছে। এ সময় একাধিক গাড়িচালক ফেরিতে ওঠানো–নামানোর ক্ষেত্রে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে প্রথম আলোকে জানান।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ‘ভাঙন ঠেকাতে ৪ নম্বর ঘাটের ফেরির র্যাম থেকে সড়কের প্রায় ৬৪ মিটার এলাকাজুড়ে পাইলিং করা হয়। কিন্তু সম্পূর্ণ পাইলিংয়ে ফেলানো বালুর বস্তা ধসে নদীতে চলে গেছে। এ ছাড়া সড়কের অন্তত ৭৫ মিটার এলাকা গত দুই দিনে ধসে গেছে।’ তিনি জানান, আগে সড়কের প্রস্থ ছিল প্রায় ৭ দশমিক ৩ মিটার। ভাঙনে তা সরু হয়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৪ মিটারে। পাইলিং থেকে সড়কের মাঝে দূরত্ব তৈরি হয়েছে প্রায় ২০ ফুট। ক্রমান্বয়ে সেটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, ভাঙনের কারণে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ৬ আগস্ট বিকেল থেকে ১ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায়। এর আগে ৩১ জুলাই ২ নম্বর ও ২৭ জুলাই ৪ নম্বর ঘাট বন্ধ হয়। ৩ নম্বর ঘাটটিও দুই দিন বন্ধ ছিল। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তিনটি ঘাট চালু হলেও ভাঙন অব্যাহত থাকায় ১ নম্বর ঘাটটি এখনো চালু হয়নি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সভায় জরুরি ভিত্তিতে আসন্ন ঈদুল আজহার আগেই সব কটি ঘাট চালুর ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ ছাড়া ভাঙনে যেকোনো মুহূর্তে ৪ নম্বর ঘাটটি বন্ধের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটে বর্তমানে ১৭টির মধ্যে ছোট-বড় ১৪টি ফেরি চালু রয়েছে। তিনটি ছোট ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকায় পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।