দৌলতদিয়া যৌনপল্লি থেকে গৃহবধূ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত বুধবার রাতে এক গৃহবধূকে (২০) উদ্ধার করেছে পুলিশ।
ওই গৃহবধূ জানান, তিন বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজনের সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় তাঁর একটি ছেলে হয়৷
একপর্যায়ে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু হয়৷ কয়েক মাস আগে ঝগড়ার একপর্যায়ে স্বামী তাঁকে মারধর করে ফেলে চলে যায়। দীর্ঘদিন স্বামী খোঁজ না নেওয়ায় তিনি সাভারের একটি পোশাক কারখানায় কাজ নেন।
একদিন মুঠোফোনে শামিম নামের এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর প্রেম হয়৷ গত ৫ মে নবীনগরে বোনের বাসায় বেড়ানোর কথা বলে শামীম গৃহবধূকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে সুমি নামের এক বাড়িওয়ালির কাছে রেখে পালিয়ে যায়।
পরে গৃহবধূকে সুমি জানান, শামীম ৬০ হাজার টাকার বিনিময়ে তাঁকে িদয়ে চলে গেছেন।
এর কয়েক দিন পর পারভিন নামের আরেক বাড়িওয়ালির কাছে তাঁকে ৭০ হাজার টাকায় হস্তান্তর করেন সুমি। এর পর থেকে তাঁকে জোর করে অবৈধ কাজ করানো হতো৷
এরই মধ্যে এক খদ্দেরের কাছে পরিবারের নাম-ঠিকানা ও মুঠোফোন নম্বর দিয়ে নিজেকে উদ্ধারের অনুরোধ জানান ওই গৃহবধূ৷
পরে খবর পেয়ে গহবধূর এলাকার এক ইউপি সদস্য গতকাল পুলিশে খবর দেন৷ গোয়ালন্দঘাট থানার এসআই রফিক উদ্দিন রাত সাড়ে নয়টার দিকে গৃহবধূকে উদ্ধার করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়িওয়ালি পালিয়ে যান।
ওই ইউপি সদস্য বলেন, ‘মেয়েটির পরিবার অত্যন্ত গরিব৷ তাই বিষয়টি জানার পর নিজ খরচে তাঁকে উদ্ধার করতে এসেছি।’
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ শামীম, বাড়িওয়ালি সুমি ও পারভিনকে আসামি করে মামলা করেছেন।