দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুই কিশোরী উদ্ধার, আটক ১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমি বেগম নামের যৌনপল্লির এক বাড়িওয়ালীকে আটক করে৷
ওই দুই কিশোরীর একজন (১৪) জানায়, তার বাড়ি টাঙ্গাইলে৷ সে ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় কাজ করত৷ কয়েক মাস আগে হৃদয় নামের এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়৷ পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ বিয়ে করার কথা বলে গত ১৭ মে হৃদয় তাকে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে সুমির কাছে ‘বিক্রি’ করে দিয়ে যায়৷
পুলিশ জানায়, গত বুধবার ওই কিশোরীর সঙ্গে আরেক তরুণের পরিচয় হয়৷ ওই তরুণের কাছ থেকে কিশোরীর পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন৷ এরপর ঘটনাটি গোয়ালন্দঘাট থানা-পুলিশকে জানানো হয়৷ একই সময় সুমির বাড়িতে আরেক কিশোরীকে (১৫) আটকে রেখে দেহ ব্যবসা করানো হচ্ছে বলে পুলিশ খবর পায়৷ এরপর পুলিশ গতকাল সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং সুমিকে আটক করে৷
অপর কিশোরী জানায়, সেও ঢাকার সাভার এলাকার একটি পোশাক কারখানায় কাজ করত৷ একই কারখানার শামীম নামের এক তরুণের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে৷ এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক মাস আগে শামীম তাকে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে ‘বিক্রি’ করে চলে যায়৷
জানতে চাইলে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, উদ্ধার হওয়া এক কিশোরীর মা সুমির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন৷ অপর কিশোরীর পরিবারকে সংবাদ জানানো হয়েছে৷